রাজধানী ছিল রবীন্দ্রময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ গানের সঙ্গে ছিল সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: হাসান রাজা
জাতীয় নাট্যশালায় গতকাল ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ গানের সঙ্গে ছিল সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: হাসান রাজা

গতকাল রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করা হলো তাঁরই সৃষ্টি দিয়ে। রবীন্দ্রজয়ন্তীর সরকারি আয়োজনের মূল অনুষ্ঠান ছিল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শিল্পকলা একাডেমি: গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে রাজপুত্তুর ও মাধো নামের দুটি রবীন্দ্র শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, রবীন্দ্র গবেষক আহমদ রফিক ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন রাজপুত্তুর চলচ্চিত্রের পরিচালক টোকন ঠাকুর ও মাধো চলচ্চিত্রের পরিচালক সুমনা সিদ্দিকী। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবীন্দ্রসংগীত উৎসবে কলিম শরাফীকে স্মরণ: কবিগুরুর গানে গানে তাঁর জন্মদিবস উদ্যাপন করল রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। গতকাল ছিল তাদের পাঁচ দিনের সপ্তবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের শেষ দিন। এই দিনে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংস্থার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘হে নূতন, দেখা দিক আর-বার’ ও ‘ওই মহামানব আসে’ গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এই সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে সম্মাননা জানানো হয় রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে। গতকাল ছিল প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী কলিম শরাফীর ৯২তম জন্মদিবস। এই আয়োজনে তাঁকেও স্মরণ করেন শিল্পীরা। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের রচনাবলি থেকে পাঠ করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
আজীবন সম্মাননা পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত ‘রবীন্দ্র মেলা’য় এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন মননশীল সাহিত্যচর্চায় শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত চর্চায় কণ্ঠশিল্পী তপন মাহমুদ। হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা চেক। মঞ্চে ফরিদুর রেজা সাগর বিশ্বসাহিত্য কেন্দ্রকে এক লাখ টাকার বই এবং দুস্থ রবীন্দ্রসংগীতশিল্পীদের জন্য এক লাখ টাকা চ্যানেল আই থেকে প্রদান করার ঘোষণা দেন।
ছায়ানট: ছায়ানটের দুই দিনের রবীন্দ্র উৎসবের সমাপনী দিন ছিল গতকাল। ছায়ানট মিলনায়তনে সমাপনী দিনের আয়োজন শুরু হয় ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’ গানের মধ্য দিয়ে। দিনের আয়োজনে আকর্ষণীয় পর্ব ছিল ‘আমার রবীন্দ্রনাথ’। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের কথার সঙ্গে তাঁর প্রিয় গানের উপস্থাপনা। একে একে প্রিয় মানুষের প্রিয় গান গেয়ে শোনান দেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পীরা।

পাঁচ শিল্পী বেশ আনন্দেই এখন সময় কাটাচ্ছেন থাইল্যান্ডের ক্র্যাবিতে। গ্যালারি কায়ার আয়োজনে পঞ্চম শিল্প সফরে প্রকৃতির মাঝে তাঁরা আড্ডা দিচ্ছেন, ছবি আঁকছেন। ছবিতে (বাঁ থেকে) চিত্রশিল্পী রণজিৎ​ দাশ, সামসুদ্দোহা, শেখ আফজাল, রফিকুন নবী ও জামাল আহমেদকে দেখা যাচ্ছে
পাঁচ শিল্পী বেশ আনন্দেই এখন সময় কাটাচ্ছেন থাইল্যান্ডের ক্র্যাবিতে। গ্যালারি কায়ার আয়োজনে পঞ্চম শিল্প সফরে প্রকৃতির মাঝে তাঁরা আড্ডা দিচ্ছেন, ছবি আঁকছেন। ছবিতে (বাঁ থেকে) চিত্রশিল্পী রণজিৎ​ দাশ, সামসুদ্দোহা, শেখ আফজাল, রফিকুন নবী ও জামাল আহমেদকে দেখা যাচ্ছে