রাজধানী ছিল রবীন্দ্রময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপলক চাহনিমাখা অবয়ব। নেপথ্য থেকে ভেসে আসছে রবীন্দ্রসুর। মঞ্চের সামনেরটা সাজানো হয়েছে ফুলে। গান শুরু হলো। শিল্পীরা গান ধরলেন। মিলনায়তন-ভর্তি দর্শক তন্ময় হয়ে তা শুনছেন। ভোরের সূর্য, মায়ের আদরের মতো কখনো পুরোনো হবে না রবীন্দ্রনাথের গান। এবার ২৫ বৈশাখে তা আবার প্রমাণিত হলো।রবীন্দ্রনাথ ঠাকুর নিজের লেখা গানের বিষয়ে বলেছিলেন, ‘আমার গান তোমাদের গাইতেই হবে।’ দেড় শ বছর হতে চলল তাঁর জন্মের। তাঁর জন্মদিন বাঙালির কাছে পরিণত হয়েছে আনন্দ উৎসবের দিনে। গত শনিবার সেই উৎসব উদ্যাপিত হয়েছে সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংরক্ষণ, রবীন্দ্রচর্চা ও গবেষণার জন্য শাহজাদপুর ও শিলাইদহে শান্তিনিকেতনের আদলে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেবে।পঁচিশে বৈশাখ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল রাষ্ট্রীয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতিসচিব হেদায়েতউল্লাহ আল মামুন।শুধু সরকারি পর্যায়ে নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সারা দেশই ছিল রবীন্দ্রময়। বৈশাখের খরতাপ, লু হাওয়া কিংবা রাগী সূর্য—কিছুই দমাতে পারেনি মানুষকে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমীর নাট্যশালায়। তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জাতীয় পর্যায়ের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হিসেবে শিল্পকলা একাডেমীর আয়োজনে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থারবীন্দ্রজয়ন্তীর আসর বসেছিল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। রবীন্দ্রজয়ন্তীকে উপলক্ষ করে এই মঞ্চে পাঁচ দিনের রবীন্দ্রসংগীতের উৎসবের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। শনিবার ছিল উৎসবের শেষ দিনে সকাল নয়টায় শিল্পীরা আসতে শুরু করেছিলেন গ্রন্থাগার প্রাঙ্গণে। একসময় বেজে উঠল জাতীয় সংগীতের সুর। গানের পরেই মুক্ত আলোচনা। রবীন্দ্রসংগীতের পাঁচ দিনের এই আয়োজনে সংগীত পরিবেশন করে দুই শতাধিক শিল্পী ও ১৫টি সংগঠন। দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও গান করেছে এখানে। ছিল আবৃত্তি, পাঠ ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। বাংলা একাডেমীতে জন্মবার্ষিকী উদ্যাপনকবিগুরুর জন্মদিনটি বাংলা একাডেমী আলোচনা, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করে। শনিবার বিকেলে একাডেমীর বর্ধমান ভবনের পূর্ববেদিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘এ কি সত্য?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি মনজুরে মওলা। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক হায়াৎ মামুদ ও আকতার কামাল। এবারের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী কলিম শরাফী এবং রবীন্দ্রসাহিত্যের চর্চা ও গবেষণায় অধ্যাপক সন্জীদা খাতুনকে ‘রবীন্দ্র-পুরস্কার ২০১০’ প্রদান করা হয়। রবীন্দ্রনাথ ছায়ানটে শনিবার কবিগুরুর জন্মজয়ন্তীকে উপলক্ষ করে ধানমন্ডির ছায়ানট ভবনও ছিল সরব। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্র রচনা থেকে পাঠ, সম্মেলক ও একক কণ্ঠে রবীন্দ্রনাথের গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পালাক্রমে চলে গান এবং রবীন্দ্র-রচনা থেকে পাঠ। একক সংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, লাইসা আহমেদ, মিতা হক, তানিয়া মান্নান, সেমন্তী মঞ্জরী, ঝুমা খন্দকার, ঝুমুর আহমেদ প্রমুখ। চ্যানেল আইয়ের রবীন্দ্রমেলাতেজগাঁওয়ের চ্যানেল আই ভবন প্রাঙ্গণ প্রায় সারা দিনই ছিল মুখরিত। উপলক্ষ রবীন্দ্রমেলা। এবারের রবীন্দ্র মেলায় এবার আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর হাতে এই পদক তুলে দেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। সম্মাননা হিসেবে বন্যাকে দেওয়া হয় দুই লাখ টাকার চেক, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার।বেলা ১১টায় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এই মেলার উদ্বোধন করেন। মেলায় রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে ছবি আঁকেন দেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা। মেলা প্রাঙ্গণে ছিল বেশ কিছু স্টল। কী ছিল না স্টলগুলোতে—রবীন্দ্রগ্রন্থ, রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র-চিত্রকলা ও রবীন্দ্রসংগীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, রবীন্দ্রপোশাক, রবীন্দ্রনাথ-সংক্রান্ত ভিডিও-সিডি, রবীন্দ্রসংগীত, রবীন্দ্র-চলচ্চিত্র প্রদর্শনী, ঠাকুরবাড়ির রূপসজ্জা, রবীন্দ্রনাথের পছন্দের খাবার পরিবেশনা—বিচিত্র সমাহার।