
স্বাধীনতা দিবসের রাজধানী ছিল উৎসবে রঙিন। গান, কবিতা, নাটকসহ নানা আয়োজনে মুখর ছিল রাজধানীর সংস্কৃতি অঙ্গন। স্বাধীনতা উৎসব দেখতে উৎসবরাঙা হয়েই এসেছিলেন ঝাঁক ঝাঁক মানুষ।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। সমবেত কণ্ঠে ‘সোনা সোনা সোনা, লোকে বলে সোনা’ গানটি গেয়ে অনুষ্ঠান শুরু করে বহ্নিশিখা। ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’সহ আরও একটি গান করে সংগঠনটি।
উৎসবে যোগ দিতে বাবা-মা আর খালাদের সঙ্গে এসেছিল দুই ভাইবোন ছোট্ট রোজা আর তোজা। তাদের দুজনের হাতের পিঠে তুলিতে আঁকা ছিল শহীদ মিনার আর জাতীয় পতাকার ছবি। জনস্রোতে খুঁজে পাওয়া গেল সস্ত্রীক শহীদউদ্দিন নামে একজন ব্যাংকারকে। দীর্ঘ ছুটির শুরুটা হলো উৎসব দিয়ে, এতে তাঁরা খুশি।
উৎসবে দলীয় গান করে ‘সুরতাল’, ‘উজান’ ও ‘দৃষ্টি’। উৎসবে আরও ছিল একক কণ্ঠে গান, দলীয় আবৃত্তি ও নাচ। সন্ধ্যার পর পথনাটক পরিবেশন করে লোক নাট্যদল, গতি থিয়েটার, পদাতিক নাট্য সংসদ টিএসটি।
জোটের এ আয়োজন একই সঙ্গে চলছে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। সেখানেও দলীয় ও একক সংগীত পরিবেশনার পাশাপাশি পথনাটক দেখায় অবয়ব, সাত্ত্বিক নাট্য সম্প্রদায় ও নাট্যধারা।