রাজধানীজুড়ে নানা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে জলকেলি শীর্ষক ছয়জন চিত্রশিল্পীর জলরং প্রদর্শনী l ছবি: সাহাদাত পারভেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে জলকেলি শীর্ষক ছয়জন চিত্রশিল্পীর জলরং প্রদর্শনী l ছবি: সাহাদাত পারভেজ

মাঝে কয়েকটা দিন স্তিমিত ছিল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। কিন্তু গেল শুক্রবার থেকে শহরের ছোট-বড় বেশ কয়েকটি প্রদর্শনী
কক্ষে চলছে বিচিত্র প্রদর্শনী। শিল্পীর আঁকা জলছবি থেকে শুরু করে বাংলার গর্ব বাঘ—সবই দেখা যাচ্ছে এসব প্রদর্শনী কক্ষে। শিল্পকলা একাডেমিতে গতকাল শনিবারও ছিল নাটকের প্রদর্শনী।

শিল্পী নাজির হোসেনের আঁকা বাঘ বিষয়ক চিত্রকর্ম
শিল্পী নাজির হোসেনের আঁকা বাঘ বিষয়ক চিত্রকর্ম

ঘুরতে ঘুরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢুকে চোখ জোড়া জুড়িয়ে গেল। দরজার পাশেই মিলল কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার নানা ঐতিহ্যবাহী স্থাপনা। সামনে ঘোড়ার গাড়ি। দেয়ালজুড়ে চিরন্তন বাংলার নৈসর্গ, গ্রামীণ জীবনের চালচিত্র আর প্রকৃতির নানা উপকরণ। এসবই জলরঙে ফুটে উঠেছে চারুকলা অনুষদের ছয় তরুণের ক্যানভাসে।
প্রদর্শনীর শিরোনাম ‘জলকেলি’। তরুণ শিল্পীদের মধ্যে আরিফুল ইসলাম ও ইসকান্দার মির্জা ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার পর্ব শেষ করেছেন। ‘স্বাধীন শিল্পী’ হিসেবে তাঁরা জলরংকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। আরিফুলের সিরিজ ছবি ‘সার্চিং স্টোরিজ ইন ওল্ড প্রেমিসেস’-এ পুরান ঢাকার আবহ। ইসকান্দার মির্জার ‘ফ্লাওয়ার কম্পোজিশন’ উপস্থাপন করছে অপরাজিতা ফুলকে। শিল্পী জান্নাতুল ফেরদৌস প্রাচ্যকলার নানা করণ-কৌশল অবলম্বন করে সাজিয়েছেন তাঁর ছবিকে। মো. সৈকত হোসেইন, মো. রফিকুল ইসলাম ও শেখ ফাইজুর রহমানের বিষয় মূলত প্রকৃতি।
আজ ৩১ জুলাই এ প্রদর্শনীর শেষ দিন। চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
জয়নুল গ্যালারি ঘুরে এসে জাতীয় চিত্রশালায় দেখা গেল বিচিত্র ‘বাঘ’। গেল শুক্রবার ‘বিশ্ব বাঘ দিবস’কে উপলক্ষ করে সেখানে শিল্পী নাজির হোসেনের আঁকা ৬০টি বাঘবিষয়ক চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে একক প্রদর্শনী। শিরোনাম ‘বাংলার বাঘ’। প্রদর্শনীটি চলবে আগামী ৫
আগস্ট পর্যন্ত।
জাতীয় চিত্রশালার গ্যালারি-২ ও গ্যালারি-৬-এ চলছে আলোকচিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত ‘জাতীয় আলোকচিত্র উৎসব’। এই উৎসবে একই সঙ্গে আছে সারা দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শৌখিন আলোকচিত্রীদের পাশাপাশি দেশের পেশাদার আলোকচিত্রীদের ১৫৩টি আলোকচিত্র। বিচিত্র সব আলোকচিত্র এখানে। চলবে ২ আগস্ট পর্যন্ত।
দৃক গ্যালারিতে চলছে ‘ভাঙনের গান’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। শুক্রবার ধানমন্ডির দৃক গ্যালারিতেই শুরু হয়েছে শিল্পী আলমগীর হোসেনের একক প্রদর্শনী। তাঁর প্রদর্শনীর শিরোনাম ‘ভাঙনের গান’। এটি শিল্পীর তৃতীয় একক প্রদর্শনী। চলবে ৫ আগস্ট পর্যন্ত।
নাট্যাঙ্গনও সরব ছিল গতকাল। দীর্ঘদিন পর গতকাল স্বরবীথি থিয়েটার (নবাবপুর)-এর নিয়মিত প্রযোজনা শাস্তি প্রদর্শনী হলো। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে গতকাল ছিল নাটকটির ৫৫তম প্রদর্শনী।
জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ছিল লোকনাট্যদলের আলোচিত নাটক কঞ্জুস-এর প্রদর্শনী। তারিক আনাম খান রূপান্তরিত, লিয়াকত আলীর নির্দেশনায় গতকাল ছিল নাটকটির ৬৭৯তম প্রদর্শনী। দুটো নাটকেই ছিল উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি।