রাজধানীজুড়ে রবীন্দ্রজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ছিল সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: সাইফুল ইসলাম
জাতীয় নাট্যশালায় রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ছিল সমবেত নৃত্য পরিবেশনা l ছবি: সাইফুল ইসলাম

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে বাজছে মৃদু রবীন্দ্রসংগীত। মঞ্চের পেছনে ক্যানভাসে ভাসছে রবীন্দ্রনাথের ছবি। অনুষ্ঠানে কথা হলো তাঁকে নিয়ে। গতকাল ছিল ২৫ বৈশাখ। কবির ১৫৬তম জন্মবার্ষিকী।
একাডেমির আয়োজনে জন্মবার্ষিকী উদ্যাপিত হয় গতকাল সন্ধ্যায়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচক লেখক, গবেষক ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন বলেন, ‘রবীন্দ্রনাথ ব্যক্তিসত্তাকে অহং আর ব্যক্তির ভিতরের অর্থাৎ অন্তর্গত সত্তাকে বলেছেন আত্মা। তুলনা দিয়েছেন, ব্যক্তিসত্তাকে যদি বলি প্রদীপ, তো আত্মা হচ্ছে তার শিখা। অন্তর্গত সত্তার কথা তাঁর কবিতায়-গানে ফিরে এসেছে বারবার।’
এ ছাড়া আরও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর। আলোচনা শেষে বেলায়েত হোসেন খান, এম আর ওয়াসেকের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়। একক সংগীত পরিবেশন করেন রোকাইয়া হাসিনা, স্বাতী সরকার, ছায়া কর্মকার ও মহীউজ্জমান চৌধুরী। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।
এ ছাড়া জাতীয় চিত্রশালায় আয়োজন করা হয়েছে কবির চিত্রকর্মের রেপ্লিকা এবং সার্ধশত জন্মবার্ষিকীতে আয়োজিত আর্ট ক্যাম্পের শিল্পকর্মের প্রদর্শনী। চলবে ২১ মে পর্যন্ত।
জাতীয় জাদুঘরে ক্যানভাসে রবীন্দ্রনাথ
রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে দিনভর ছবি এঁকেছেন নবীন-প্রবীণ ও বরেণ্য চিত্রশিল্পীরা। এই আর্ট ক্যাম্পের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ।
জাদুঘরের মূল ভবনের নিচে প্রদর্শনীকক্ষের চারপাশে ক্যানভাস সাজিয়ে রবীন্দ্রনাথের গান ও কবিতার ভাবধারায় ছবি এঁকেছেন চিত্রশিল্পীরা। রবীন্দ্রনাথের প্রতিকৃতি আঁকার পাশাপাশি এ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন বরেণ্য শিল্পী হাশেম খান। অংশ নেন আরও ২২ জন চিত্রশিল্পী। তাঁদের মধ্যে ছিলেন রোকেয়া সুলতানা, অলকেশ ঘোষ, শামীম সুব্রানা, সোহানা শাহরীন, রেজাউন নবী, শামসুদ্দোহা, শাজাহান আহমেদ, সামিনা নাফিজ, আনিসুজ্জামান, দুলাল চন্দ্র গাইন, দিলরুবা লতিফ, সোহাগ পারভেজ প্রমুখ।
আয়োজকেরা জানান, দিনভর শিল্পীদের আঁকা এ ছবিগুলো জাদুঘরের স্থায়ী প্রদর্শনীকক্ষে সংরক্ষণ করা হবে।

জাতীয় জাদুঘরে রবীন্দ্রনাথকে উপলক্ষ করে ছবি আঁকেন শিল্পীরা l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরে রবীন্দ্রনাথকে উপলক্ষ করে ছবি আঁকেন শিল্পীরা l ছবি: প্রথম আলো

ছায়ানটে রবীন্দ্র উত্সব
‘ভুবনজোড়া আসনখানি’ গানটির সম্মেলক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ছায়ানটের রবীন্দ্র উত্সব। গতকাল সন্ধ্যায় মূল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। কথনে অংশ নেন লেখক আবুল হাসনাত।
এরপর ‘ওগো পথের সাথী’ গানের সঙ্গে বিশেষ গীতি-নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে ‘রাজপথের কথা’ গল্প থেকে আংশিক পাঠ করেন শামীমা নাজনীন। একক কণ্ঠে গান শোনান শিল্পী ইফফাত আরা দেওয়ান, আবদুল ওয়াদুদ, কাঞ্চন মোস্তফা, সৈকত মুখার্জি, মাকছুরা আখতার, সুদীপ সরকার, মোস্তাফিজুর রহমান, সেঁজুতি বড়ুয়া, জয়ন্ত রায়, ফারজানা আক্তার, মো. সিফায়েত উল্লাহ, রিমা সাহা, সত্যম কুমার দেবনাথ, দীপ্তি তালুকদার, শেখ রাহাত অয়ন ও পার্থ প্রতীম রায়। এর পাশাপাশি শিশুশিল্পী ও বড়দের দলীয় পরিবেশনা ছিল অনুষ্ঠানে।
চ্যানেল আইয়ে রবীন্দ্রমেলা
চ্যানেল আই গতকাল সোমবার রবীন্দ্রমেলার আয়োজন করে। এই রবীন্দ্রমেলায় ছিল প্রবীণ-নবীন শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্য, আবৃত্তি, সিডির মোড়ক উন্মোচন পর্বসহ উৎসবমুখর নানা আয়োজন। রবীন্দ্রসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মিতা হক ও রবীন্দ্র-গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনৎকুমার সাহাকে এ বছর রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা আজীবন সম্মাননা দেওয়া হয়। তবে সনৎকুমার সাহা উপস্থিত ছিলেন না। পরে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।
উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হতেই ভবনের খোলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চ থেকে পরিবেশিত হয় প্রবীণ-নবীন শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত ও আবৃত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, বিদিশা দেওয়ানজী, অনিমা রায়, তানিয়া মান্নান, বিকাশ রায়হান প্রমুখ। আবৃত্তি করেন ইকবাল বাহার চৌধুরী ও শামীম আশরাফ চৌধুরী। দলীয় পরিবেশনায় অংশ নেয় সুরের ধারা। এর আগে ‘হে নূতন দেখা দিক আরবার’ গানের সঙ্গে রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন বাফার নৃত্যশিল্পীরা। ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সঙ্গে তাঁরা আরও একটি নৃত্য পরিবেশন করেন।
মেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অডিও অ্যালবাম বর্ষার গান, ইমতিয়াজ আহমেদের নিভৃত প্রাণের গান ও বিদিশা দেওয়ানজীর এসো হে আনন্দময় রবীন্দ্রসংগীতের অডিও সিডিও উন্মোচন করা হয়।
মেলা প্রাঙ্গণে বসে রবীন্দ্রনাথকে উপলক্ষ করে ছবি আঁকেন আবদুল মান্নানসহ বেশ কয়েকজন চিত্রশিল্পী।
শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সন্জীদা খাতুনের পঠিত প্রবন্ধটি পড়ুন: মতামত পাতায়