পুতুলনাচ ও বায়োস্কোপে শিশু-কিশোর আর তাদের মায়েদের ভিড়। শিশুদের সঙ্গে তারাও উদ্বেলিত। ছোটবেলায় দেখা বায়োস্কোপের স্মৃতি আওড়াচ্ছিলেন কেউ কেউ। গ্রামীণ মেলার আদলে লোকজ নানা পণ্য—মুড়ি-মুড়কি, পিঠা, নকশি কাপড়, বাদ্যযন্ত্র আর খেলনার পসরা সাজানো। মূল মঞ্চে দলীয় কণ্ঠে চলছিল রবীন্দ্রসংগীত। এ হচ্ছে পৌষ উৎসব-১৪২১। রবীন্দ্রনাথের গান ছাড়া এ উৎসব চলে না। উৎসবের রঙিন কাগজে মোড়া লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মূল গেট অভ্যর্থনা জানাচ্ছিল অতিথিদের। শুধু তাই নয়, উৎসবের আয়োজনকারী প্রতিষ্ঠান সুরের ধারার কর্ণধার রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার।
বিকেলে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। উপস্থিত হন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ। সন্ধ্যায় উপস্থিত হন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরসহ আরও অনেকে।
দল বেঁধে সুরের ধারার শিল্পীদের সঙ্গে গান করেন আরও বেশ কজন শিল্পী। এ ছাড়া গান করেন শফি মণ্ডল, ভারত থেকে আসা কার্তিক বাউল ও রেজওয়ানা চৌধুরী বন্যা। সন্ধ্যায় তাঁর জন্মদিন উপলক্ষে কেক কাটার আগ মুহূর্তে উপস্থিত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।