রাজধানীতে সুরে-ছন্দে বর্ষাবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘ-রোদের লুকোচুরি ছিল সারা দিনই, কিন্তু বৃষ্টি হয়নি। বর্ষার প্রথম দিনটি শুকনোই ছিল। তাতে কী? দিনপঞ্জির হিসাবে বর্ষা এসেছে বাংলায়। গতকাল মঙ্গলবার আলোচনা, গান, কবিতা, নৃত্যে বর্ষাকে বরণ করা হলো নগরজীবনে।চারুকলা অনুষদের বকুলতলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে ছিল বর্ষাবরণের মনোমুগ্ধকর আয়োজন। সকালে বকুলতলায় শিল্পী ও দর্শকদের পোশাকে ছিল নীল ও আকাশি রঙের প্রাধান্য। বর্ষার আয়োজন বলে কথা। অনেকের হাতে শোভা পাচ্ছিল কদম ফুলের গুচ্ছ।শিল্পী প্রিয়াঙ্কা গোপের ধ্রুপদী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বকুলতলায় শুরু হয় উদীচীর বর্ষা উৎসব। পরে ছিল সমবেত ও একক সংগীত। একে একে পরিবেশন করেন মিতা হক, সুজিত মোস্তফা, জান্নাতুল ফেরদৌস, মহিউজ্জামান চৌধুরী, সেমন্তী মঞ্জুরী, ছায়া কর্মকার, বিশ্বজিৎ রায়, সফিউল আলম, সুমা রায় প্রমুখ। গানের মধ্যে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ তো ছিলই, আরও ছিল ‘আবার এসেছে আষাঢ়’, ‘নূপুর বেজে যায় রিনিঝিনি’, ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’, ‘পাগলা হাওয়ায় বাদল দিনে’, ‘এলো শ্যামল কিশোর’সহ অনেক গান। সমবেত সংগীতে অংশ নেন উদীচী, নিবেদন ও বহ্নিশিখার শিল্পীরা। দলীয় নৃত্যে ছিল নৃত্যম, নৃত্যনন্দন ও নটরাজ। একক আবৃত্তি পরিবেশন করেন ঝর্না সরকার।ঢাকা মহানগর উদীচীর সভাপতি কাজী মদিনার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন নিরঞ্জন অধিকারী। সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার উৎসবের ঘোষণাপত্র শুরু করেন বর্ষার চিরন্তন ছড়া ‘আয় বৃষ্টি ঝেপে/ ধান দেব মেপে/ লেবুর পাতা করমচা/ যা বৃষ্টি চলে যা’ দিয়ে। ঘোষণাপত্রে বাংলার কৃষি ও কৃষককে বাঁচাতে পরিবেশদূষণ, বন উজাড়, নদী ভরাট, উষ্ণায়ন রোধ করার আহ্বান জানান তিনি।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে ছিল সত্যেন সেন শিল্পীসংস্থার বর্ষা উৎসব। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যজন ঝুনা চৌধুরী ও মান্নান হীরা। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শিল্পী ও দর্শকদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। এ উৎসব হয়েছে বাংলালিংকের সহায়তায়।সালাহউদ্দিন আহাম্মদের মিয়ামল্লা ও মেঘমল্লার রাগে খেয়াল পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংস্থার শিল্পীরা পরিবেশন করেন ‘ঘন মেঘের সঙ্গে উড়ে’ এবং ‘মন মোর মেঘের সঙ্গী’। একক সংগীতে ছিলেন অদিতি মহসিন, সালমা আকবর, সাজেদ আকবর, নাসিমা শাহিন, শহিদ খান, লীনা তাপসী খান, সাবরিনা আক্তার, আরশেদা পারভীন, নার্গিস চৌধুরী, ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ। সমবেত সংগীতে ছিল খেলাঘর আসর, দোলনচাঁপা, অগ্নিবীণা ও ধ্রুবতান। স্পন্দন দলীয় নৃত্য পরিবেশন করে। আবৃত্তি করেন নায়লা তারান্নুম চৌধুরী, মাসকুরে সাত্তার ও রফিকুল ইসলাম।বেঙ্গলে ‘সৃজনে ও শেকড়ে-৩’বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে ‘সৃজনে ও শেকড়ে-৩’ নামের প্রদর্শনী। দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ এ আয়োজন।গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমীর সভাপতি শিল্পী মুস্তাফা মনোয়ার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবীর চৌধুরী।প্রদর্শনীতে শিল্পী মুস্তাফা মনোয়ার, আবু তাহের, আবুল বারক্ আলভী, স্বপন চৌধুরী, অলক রায়, নাইমা হক, রণজিৎ দাস, নাসরীন বেগম, শিশির ভট্টাচার্য্য ও কনকচাঁপা চাকমার চারটি করে মোট ৪০টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী ২৬ জুন পর্যন্ত খোলা থাকবে।