রাজধানীতেই অশ্লীল দৃশ্যের ছবি জব্দ
খোদ রাজধানী ঢাকা শহরের পর্বত প্রেক্ষাগৃহেই সেন্সর-বহির্ভূত অশ্লীল দৃশ্য যুক্ত করে বাজার ছবিটি প্রদর্শন করা হয়েছে। গত শুক্রবার থেকে ছবিটি প্রদর্শন করা হচ্ছিল এখানে। পর্বত প্রেক্ষাগৃহ ও তার আশপাশে বাজার ছবির অশ্লীল দৃশ্যের ছবি সংবলিত পোস্টারও প্রদর্শন করা হয়। বিষয়টি সেন্সর বোর্ডের নজরে আসে দুই দিন পর। এরপর সংশ্লিষ্ট থানাকে ছবিটি জব্দ করার নির্দেশ দেওয়া হয়। সোমবার দুপুরে দারুস সালাম থানার পুলিশ পর্বত প্রেক্ষাগৃহ থেকে বাজার ছবির প্রিন্ট জব্দ করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা কোনো মামলাও করেনি। জানা গেছে, মিরপুরে পর্বত ও এশিয়া প্রেক্ষাগৃহ দুটির মালিক ডিপজল ও তাঁর ভাই বাদশা। দারুস সালাম থানার কর্মকর্তা আবু সালাম বলেন, ‘সেন্সর বোর্ড থেকে ছবিটি জব্দ করার নির্দেশ ছিল, কাউকে গ্রেপ্তার বা কোনো মামলা করার নির্দেশনা আমরা পাইনি। তাই প্রেক্ষাগৃহ-কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তার আগে ছবিটির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হবে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা ঠিক করবে মন্ত্রণালয়। এর আগে অশ্লীল দৃশ্য সংযোজন করে ছবি প্রদর্শনের ঘটনা ঢাকার বাইরের অনেক প্রেক্ষাগৃহে সংঘটিত হয়েছে।