রাজধানীর গ্যালারিগুলোয় নানা ধরনের প্রদর্শনী
কয়েকটি প্রদর্শনী চলছে রাজধানীতে। বিচিত্রধর্মী এসব প্রদর্শনী দর্শকও টানছে ভালোই।দৃক গ্যালারিতে ‘হরপ্পা’র প্রদর্শনীধানমন্ডির দৃক গ্যালারিতে ‘হরপ্পা’র আয়োজনে চলছে ‘কাদামাটি ও জীবন’ শিরোনামের সিরামিক এবং টেরাকোটার শিল্পকর্ম প্রদর্শনী। দৃক গ্যালারিতে ঢুকতেই দৃষ্টি কেড়ে নেবে পাঁচ ধাপের একটি ঝরনা। এর একটু পরেই বিশাল পাত্রে তৈরি করা হয়েছে কচুরিপানা ভরা ডোবার পরিবেশ। সেখানে ঘুমিয়ে আছে একটা ব্যাঙ! প্রদর্শনীতে আরও আছে উড়ন্ত পাখি, ঘর সাজানোর নানান শৈল্পিক উপকরণ, নিত্যদিনের ব্যবহার্য তৈজসপত্র। টেরাকোটাগুলোতে রয়েছে প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক কারুকৌশল। একটি ভাস্কর্যে ছিল বাউলের মুখ। আছে ফুলের টবসহ নানা ধরনের পাত্র। মোট ১০ জন শিল্পীর কাজ রয়েছে এই প্রদর্শনীতে। এটি চলবে ২১ জুন পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।গ্যালারি কায়ায় ‘স্মল ইজ বিউটিফুল’ উত্তরার গ্যালারি কায়ায় চলছে মাসুদা কাজীর প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’। গ্যালারি প্রাঙ্গণে সবুজ ঘাসের ওপর তিনটি শিশুর অবয়ব বেয়ে ঝরছে ঝরনার পানি। ভেতরে নানান শিল্পকর্ম। ছবিগুলো বিষয়বৈচিত্র্যে ভরপুর। কোনো ছবিতে ডালপালা প্রসারিত বট, কোনোটিতে বা রঙিন ডানার প্রজাপতি বা বিচিত্র পাখপাখালি। আছে রবীন্দ্রনাথের মুখাবয়বও। ছবিগুলো এঁকেছেন শিল্পী মাসুদা কাজী। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিত্সাধীন ছিলেন। বেঁচে থাকার যুদ্ধে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হলেও সৃষ্টির কাজ থেমে যায়নি। সেই সময়ে আঁকা ছবিগুলো নিয়েই গ্যালারি কায়ায় চলছে মাসুদার একক প্রদর্শনী ‘স্মল ইজ বিউটিফুল’।প্রদর্শনীতে ৭৮টি শিল্পকর্ম রয়েছে। এই প্রদর্শনীটির মধ্য দিয়ে গ্যালারি কায়া পদার্পণ করল সপ্তম বর্ষে। গ্যালারির পরিচালক শিল্পী উত্তম চক্রবর্তী জানান, উদ্বোধনের প্রথম দিন থেকে বেশ ভালো দর্শকসমাগম হচ্ছে প্রদর্শনীতে। বিক্রিও ভালো হচ্ছে। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত।