রাজধানীর মঞ্চে মঞ্চে বিজয়ের উৎসব
সবুজের মাঝে লাল সূর্য এখন রাজধানীর সবখানে। রাস্তায় রাস্তায় ফেরি করে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। আর সেই পতাকাই যেন জানান দিচ্ছে, আগামীকাল বিজয় দিবস। বাঙালির প্রাণের আবেগের এই দিনটিকে ঘিরে প্রতিবছরের মতো এবারও বদলে গেছে রাজধানীর মঞ্চগুলো। এসব মঞ্চ এখন মেতেছে বিজয়ের গান, নাচ, কবিতা আর নাটকে; পাশাপাশি রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণার আয়োজন।সাংস্কৃতিক জোটের বিজয়ের উৎসব কেন্দ্রীয় শহীদ মিনারে গত সোমবার থেকে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব। গতকাল মঙ্গলবার থেকে রাজধানীর উপকণ্ঠে দনিয়া বর্ণমালা উচ্চবিদ্যালয় মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বিস্তার লাভ করেছে অনুষ্ঠানমালা। দেশের গান, গণসংগীত, আবৃত্তি, পথনাটকে মুখর এ মঞ্চগুলোকে ঘিরে ছিল দর্শকদের ভিড়। কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসবের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনার ও রবীন্দ্রসরোবরে ছিল উপচে পড়া ভিড়। ‘জেনে নাও— শহীদ যোদ্ধা বীর/ যুদ্ধাপরাধীরা আবারও নতশির’ স্লোগান নিয়ে বিজয় উৎসবের এ মঞ্চে শহীদ মিনারে একক সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা, সফিউল আলম, রুপু খান, শিবু রায়, ছায়া কর্মকার, শেখ আলাউল, লাইলি ইসলাম, সানজিদা মনজুরুল, আবিদা রহমান প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে ক্রান্তি, দৃষ্টি, বহ্নিশিখা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ মঞ্চে ঘোষণাপত্র পাঠ করেন মানজারুল ইসলাম। রবীন্দ্রসরোবরে একক সংগীতে ছিলেন লিলি ইসলাম, হিমাদ্রী শেখর, সঞ্জয় রায় প্রমুখ। দলীয় আবৃত্তি পরিবেশনায় ছিল চারুবাক, কণ্ঠশীলন ও স্বনন।বাংলা একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানবুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমী গতকাল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে একাডেমীর নজরুল মঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: একটি রাজনৈতিক-সাংস্কৃতিক বিশ্লেষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শহিদুল ইসলাম। আলোচনা করেন অধ্যাপক শফিউদ্দিন আহমদ, মুহাম্মদ জাহাঙ্গীর এবং শ্যামলী নাসরীন চৌধুরী। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তিমির নন্দী, কল্যাণী ঘোষ, রূপা ফরহাদ, মাহমুদুজ্জামান বাবু প্রমুখ।