
‘এই দিন বৎসরে বৎসরে/ নানা বেশে ফিরে আসে ধরণী’র পরে-’ কবিতায় নিজের জন্মদিনটিকে এভাবে ফিরে আসার কথা বলেছিলন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ গতকাল বৃহস্পতিবার ছিল সেই দিন৷ পঁচিশে বৈশাখ৷ কবিগুরুর জন্মদিন৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাণীর মতোই তিনিও বারে বারে ফিরে আসেন বাঙালির মনে, মননে, চিন্তায়, চর্চায়৷ কবিগুরুর জন্মদিনে সারা জাতি মেতে ওঠে তাঁরই গান, কবিতা, নাটক আর দর্শনচর্চায়৷ গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হলো তাঁর ১৫৩তম জন্মজয়িন্ত৷ রবীন্দ্রময় হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন মিলনায়তন৷
জাতীয় পর্যায়ের অনুষ্ঠান: রাজধানীতে জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সকালে ওসমানী মিলনায়তনে৷ এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলাদেশ ও রবীন্দ্রনাথ’৷ অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অনিবার্য অংশ রবীন্দ্রনাথ ঠাকুর৷ তাঁর শিল্পসত্তা যেমন নানা মাত্রায় সন্নিবেশিত, তেমনি মানবসত্তাও মানবকল্যাণে নিবেদিত৷ তিনি ছিলেন দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর৷ রবীন্দ্র স্মারক বক্তৃতা দেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী৷ স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস৷ আলোচনা পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন েরজওয়ানা চৌধুরী বন্যা ও বুলবুল ইসলাম৷ আবৃত্তি করেন হাসান আরিফ৷ দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পীরা৷ এ ছড়া সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷
ছায়ানটে রবীন্দ্র উৎসব: ‘বাজাও তুমি, কবি’ গানটির সমবেত পরিবেশনা দিয়ে গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয় দুই দিনের রবীন্দ্র উৎসব৷ এর পরে ‘তোমার আনন্দ ওই এল দ্বারে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা৷ ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিলের স্বাগত বক্তব্যের পর শুরু হয় একক গানের পরিবেশনা৷ পর পর দুটি একক গান করেন সুতপা সাহা ও ফারজানা আক্তার৷ তাঁদের পরিবেশনায় ছিল ‘সে আমার গোপন কথা’ এবং ‘প্রভু আমার, প্রিয় আমার’৷ মাঝে রবীন্দ্রনাথ থেকে আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম৷
এরপর পালাক্রমে চলে একক সম্মেলক গানের পরিবেশনা৷ পরিবেশিত গানের মধ্যে ছিল ‘হৃদয়ের এ কূল, ও কূল’, ‘যাবার বেলা শেষ কথাটি’, ‘ধায় যেন মোর’, গোধূলিগগনে মেঘে’, ‘যে ছিল আমার স্বপনচারিণী’, ‘একদা তুমি, প্রিয়ে’, ‘শূন্য প্রাণ কাঁদে সদা’ এসব৷ একক গানের পরিবেশনায় ছিলেন ইফ্ফাত আরা দেওয়ান, মিতা হক, তানিয়া মান্নান, সেমন্তী মঞ্জুরি, ঝুমা খন্দকার, রোকাইয়া হাসিনা, মানস ভট্টাচার্য প্রমুখ৷ লিপিকা থেকে পাঠ করেন মাহমুদা আখতার৷ ছায়ানটের শিল্পীরা ‘বিপুল তরঙ্গ রে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন৷ প্রতীতির শিল্পীরা ‘মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে’, ‘উড়িয়ে ধ্বজা অভ্রভেদী’ গান দুটি পরিবেশন করেন৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষ্টি হেফাজ ও জয়ন্ত রায়৷

রবীন্দ্র মেলায় বন্যার সিডির মোড়ক উন্মোচন: চ্যানেল আই তাদের তেজগাঁও কার্যালয়ে আয়োজন করেছিল ‘এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্র মেলা’৷ সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন করুণাময় গোস্বামী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, আজাদ রহমান, সৈয়দ হাসান ইমাম, আলী ইমাম, আতাউর রহমান, রেজওয়ানা চৌধুরী বন্যা, তপন মাহমুদ, আনিসুল হক প্রমুখ৷ এ বছর রবীন্দ্র গবেষণার জন্য সম্মাননা দেওয়া হয়েছে রবীন্দ্র গবেষক আহমদ রফিককে৷ স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘নয় বছর ধরে অনুষ্ঠিত এ মেলার মাধ্যমে রবীন্দ্রচর্চা ও আদর্শকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি৷’ তিনি মেলা মঞ্চে রেজওয়ানা চৌধুরী বন্যার একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম কোন গগনের তারার মোড়ক উন্মোচন করেন৷ সিডিটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড৷
চ্যানেল আই চত্বরে রবীন্দ্র মেলার খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে বেলা দুইটা পর্যন্ত সংগীত পরিবেশন করেন নবীন-প্রবীণ শিল্পীরা৷ এ ছাড়া খুদে আঁকিয়েদের নিয়ে চিত্রাঙ্কন করেন বীরেন সোম, আবদুল মান্নান, রণজিৎ দাস, মনিরুজ্জামান, মো. জহির উদ্দিন, রাশা, আনিসুল হক প্রমুখ৷