রাজনন্দিনীর মুখ ও বাহের গাড়োয়ানের দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদীপ চক্রবর্তী নির্দেশিত চাকা নাটকের দৃশ্য
সুদীপ চক্রবর্তী নির্দেশিত চাকা নাটকের দৃশ্য

নাটকের নানা প্রসঙ্গে কথাবার্তা বেশ ভালোই চলছিল, কিন্তু আচমকা ঘরটিতে ভর করল নিস্তব্ধতা। চুপ হয়ে গেলেন মঞ্চের তরুণ নির্দেশক সুদীপ চক্রবর্তী। তাঁর সামনে চায়ের কাপ, কিন্তু কেন যেন অন্যমনস্ক হলেন হঠাৎ। কাউকে কি খুঁজছেন তিনি?

গেল আগস্টে থিয়েটারের ওপর উচ্চতর পড়াশোনার জন্য কমনওয়েলথ বৃত্তি পেয়েছেন সুদীপ। বাংলাদেশের থিয়েটার অঙ্গনে তিনিই প্রথম ব্যক্তি, যিনি সম্মানজনক এই বৃত্তিটি পেলেন। প্রায় একই সময়ে মধ্য আগস্টে সেলিম আল দীন নাট্যোৎসবে তিনি পেয়েছেন আরেকটি সম্মাননা—ঢাকা থিয়েটার প্রবর্তিত ‘ফওজিয়া ইয়াসমীন শিবলী পদক’। সবকিছু মিলিয়ে কয়েক দিন আগে এক আড্ডায় প্রথম আলোরকার্যালয়ে যখন তাঁর মুখোমুখি আমরা, সুদীপের কাছে জানতে চাওয়া হলো নিজের অনুভূতি। প্রথম দিকে তাঁর জবাব ছিল বেশ সপ্রতিভ, ‘যদিও আমি বৃত্তিটি পেয়েছি, তবে এটা বাংলাদেশের সম্মান। কমনওয়েলথ নানা বিষয়ের ওপর বৃত্তি দেয়। এর আগে এ দেশের অনেকেই এই বৃত্তি পেয়েছেন, কিন্তু থিয়েটারের ওপর এবারই প্রথম। তাই এটা আদতে বাংলাদেশের থিয়েটারের স্বীকৃতি, বাংলা নাটকেরই জয়। বৃত্তিটি পেয়ে আমি আনন্দিত। সঙ্গে এটাও বলব যে ফওজিয়া ইয়াসমীন শিবলী পদক আমার স্থবির সময়ে নতুন কাজের অণুপ্রেরণা দিয়েছে।’

বাবা সুদীপ চক্রবর্তীর কোলে মেয়ে রাজনন্দিনী
বাবা সুদীপ চক্রবর্তীর কোলে মেয়ে রাজনন্দিনী

বৃত্তি ও পদক—দুটিই পেয়েছেন আগস্টে, কয়েক দিনের ব্যবধানে। এই দুই অর্জনের পর কার মুখ মনে এসেছিল প্রথমে?

প্রশ্নটি শুনে চটপটে সুদীপের মুখে আর রা নেই। ঘরভর্তি নিস্তব্ধতা। তাঁর সামনে রাখা এক কাপ চা ঠান্ডা হচ্ছে। আর আনন্দিত সুদীপ হঠাৎ বিষাদময়। বারবার তাকাচ্ছেন ওপরের দিকে, তখন আমাদের মনে হয়, কাউকে খুঁজছেন তিনি। সে কি তাঁর প্রয়াত কন্যা রাজনন্দিনী?

এই জুনের ৩০ তারিখে অকস্মাৎ মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীর ছয় মাস বয়সী মেয়ে রাজনন্দিনী। সেই শোকাহত বেদনায় এখন নিশ্চয় বিদীর্ণ তাঁর বুক। অনেকক্ষণের নীরবতা শেষে অতঃপর আওয়াজ করল কণ্ঠ, খানিকটা ধীরলয়ে সুদীপ দিলেন প্রশ্নের উত্তর, ‘ওর (রাজনন্দিনী) মুখটিই মনে এসেছে প্রথমে। বৃত্তি আর পদক—দুইয়ের ভেতরেই ভেসে উঠেছে আমার রাজনন্দিনী। এমন এক সময় এই স্বীকৃতিটি আমার কাছে এসেছে, যখন আমি ও আমার পরিবার এক সংকটময় সময় পার করছি। আমি এখন আমার সব কাজ, সমস্ত নাট্যকর্মের ভেতর তাকেই খুঁজছি।’

ভাবছি সুদীপের কথা শেষ, তখনই আবার শুরু করলেন, ‘আমার কন্যা চলে যাওয়ার পর সশরীরে, ফোনে ও ফেসবুকের মাধ্যমে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন চেনা-অচেনা অসংখ্য মানুষ, আমাকে এবং আমার স্ত্রী তৃষাকে ভেঙে পড়তে দেননি তাঁরা। সবার এই বিপুল ভালোবাসাতেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি আমরা।’

কমনওয়েলথ বৃত্তির অধীনে লন্ডনের গোল্ড স্মিথ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করবেন সুদীপ। ১৯৭১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন এবং পরিবর্তনজনিত জাতি– পরিচয়, সহিংসতা ও ঐক্য কীভাবে প্রতিফলিত হয়েছে আমাদের মঞ্চনাটকে—সোজা বাংলায় এই তাঁর গবেষণার বিষয়। এই উদ্দেশ্যে আজ মধ্যরাতে তিন বছরের জন্য দেশ ছাড়ছেন তিনি। ‘লন্ডনে আগেও গিয়েছি, কিন্তু এবারের যাত্রা দীর্ঘদিনের জন্য। এই সময়ের মধ্যে হয়তো অনেক কিছুর পরিবর্তন হবে। এই দেশ, আমার প্রিয় মানুষজন, আমার প্রিয় বিভাগ, ঢাকার নাট্যাঙ্গন—সব কি আগের মতো থাকবে? এরাই তো আমাকে তৈরি করেছে।’

বিভাজন, ফণা, মহাজনের নাও, জ্যোতিসংহিতা, লালজমিন, ম্যাগবেথ, চাকা, দক্ষিণা সুন্দরী, গহনযাত্রা, প্রণয়যমুনাসহ মঞ্চে তাঁর নির্দেশিত নাটকের সংখ্যা কুড়ির ওপরে। সব সময় ছিলেন মঞ্চ নাটক নিয়েই। এই কদিন আগেও ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সভাপতির দায়িত্বে, গেল মাসে ছেড়েছেন দায়িত্বটি।

বিভাগীয় সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতা কেমন?

 ‘মধুর নয়। প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি এটা উদ্‌যাপন করার মতো কোনো পদ নয়। এখানে পারস্পরিক সহযোগিতা ও স্বাধীনভাবে অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া কষ্টকর। আসলে একজন শিল্পীর জন্য এ ধরনের দায়িত্ব সব সময় মধুর হয় না।’

মনে হলো, সুদীপ খেদের খেরোখাতা মেললেন তবে? কিন্তু ভুলটি ভাঙালেন সুদীপই, ‘না না, কোনো খেদ নয়, অভিজ্ঞতার কথা বললাম। বিভাগীয় সভাপতি হিসেবে আমি চেষ্টা করেছি বিভাগকে এগিয়ে নেওয়ার। চেয়েছি সেশনজট যেন না থাকে, এ সময় নাটমণ্ডল পুনঃসংস্কারসহ টিএসসির ব্যবহারিক কক্ষ সংস্কার করা যেমন সম্ভব হয়েছে, তেমনি সেমিনার কক্ষের প্রচলন করেছি, মজবুত হয়েছে বিভাগের আর্থিক ভিত। আবার কিছু কাজ হয়তো পারিওনি।’

চাকা নাটকের নির্দেশক সুদীপ চক্রবর্তী। কথায় কথায় বারবার কোথায় যেন তাকাচ্ছিলেন, হারিয়ে যাচ্ছিলেন কোনো এক অন্য দিগন্তে। আর তাঁকে দেখে আমাদের মনে পড়ছিল সেলিম আল দীনের লেখা চাকার একটি বর্ণনা: ‘এই প্রথম বাহের গাড়োয়ান একটু বাঁকা হয়ে নাক সোজা পথ বেঁয়ে বহুদূর দিগন্তে তাকায়...।’