রাজনীতি শৈল্পিক হলে জীবন বদলে যেত

‘শিল্পীকে দেখতে হবে আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমার চারপাশে কী হচ্ছে। এর ভেতর থেকেই নিজের অবস্থানটি তৈরি করে নিতে হবে।’ শিল্পকলা নিয়ে আলোচনা করতে গিয়ে কথাগুলো বলছিলেন ভারতের বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী।
গতকাল রোববার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে চিত্রকলাবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা শিল্প ও শিল্পী এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প ও শিল্পীর সম্পাদকমণ্ডলীর সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে ভারতের শিল্প-সমালোচক অরুণ ঘোষও আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক আবুল হাসনাত।
যোগেন চৌধুরীর জন্ম বাংলাদেশের তৎকালীন ফরিদপুরের কোটালিপাড়ায়। শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, তাঁদের গ্রামের জলধর নামের এক কুমারের প্রতিমা তৈরি দেখেই তিনি শৈশবে শিল্পকলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। মাটি দিয়ে মূর্তি তৈরি করতে শুরু করেন। পরে তাঁরা সপরিবারে কলকাতায় চলে যান। ছবি আঁকা চর্চা চলছিলই। ১৯৫৫ সালে কলকাতা আর্ট কলেজে ভর্তি হন চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে।
দীর্ঘ আলোচনায় যোগেন চৌধুরী ভারতের সমকালীন চিত্রকলা, কলকাতায় তাঁর সমসাময়িক শিল্পী বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইন, অগ্রজ পরিতোষ সেনসহ বিভিন্ন শিল্পীর কাজের বৈশিষ্ট্য তুলে ধরেন। উপমহাদেশের চিত্রকলার ধারার সঙ্গে পশ্চিমা শিল্পকলার তুলনামূলক আলোচনা, রবীন্দ্রনাথের প্রভাব, অঙ্কনের গুরুত্ব ও নিজের কাজের বৈশিষ্ট্য উঠে আসে তাঁর আলোচনায়।
যোগেন চৌধুরী বলেন, বিজ্ঞানের অগ্রগতির ফলে শিল্পকলায় অনেক নতুন ধ্যান-ধারণা, নতুন মাধ্যম যুক্ত হচ্ছে। এসব আত্মস্থ করেই নতুন দিনের শিল্পীকে তার শ্রম, মেধা, মনন ও নান্দনিক বোধ সঞ্চার করে স্বকীয়তা তৈরি করতে হবে। আর শিল্পকে শুধু ঘরের ভেতরে রাখলেই হবে না। তাকে ছড়িয়ে দিতে হবে বৃহৎ পরিসরে। একটি শহরও হয়ে উঠতে পারে নান্দনিক শহর। তিনি সখেদে বলেন, রাজনীতিকেরা শিল্পসচেতন নন। রাজনীতি শৈল্পিক ও মানবিক হয়ে উঠলে গণমানুষের জীবন অনেক বদলে যেত। আর এটাই হওয়া উচিত বলে তিনি আলোচনা শেষ করেন।