রাজনীতিতে এখনই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইমা সেন
রাইমা সেন

রাইমা সেন আসবেন একটি পণ্যের বিজ্ঞাপনের সুবাদে, জানা ছিল৷ কলকাতা থেকে বেলা ১১টায় ঢাকায় পেঁৗছেই তিনি সোজা পান্থপথের একটি কনভেনশন সেন্টারে চলে আসেন৷ প্রশ্নবাণে জর্জরিত করতে আসা সাংবাদিক, সুধীজনদের দেখে ঘাবড়ে যান না; বরং পুরো সময়টাতেই ছিলেন স্বতঃস্ফূর্ত৷
সুচিত্রা সেনের প্রিয় নাতনি, এটা তাঁর একটা পরিচয় বটে; কিন্তু অভিনেত্রী হিসেবে নিজগুণেই টালিউডে জায়গা করে নিয়েছেন৷ এখন কলকাতায় নানা ধরনের চলচ্চিত্র হচ্ছে৷ চিত্রনাট্য, পরিচালনা, কারিগরি ব্যবস্থাপনা—সবখানেই লেগেছে গুণ-মানের ছোঁয়া৷ সেই ছবির আসরে রাইমার রয়েছে একটা যোগ্য আসন৷
রাইমাকে কত প্রশ্নই তো করার ছিল৷ কিন্তু সময় কম৷ তাই দ্রুত ঠিক করে ফেলি কিছু প্রশ্ন৷ একসময় বলিউডে দেখা যেত তাঁকে৷ এখন টালিউডেই তিনি বেশি ব্যস্ত৷ কেন? বলিউডে কি সমস্যা হচ্ছে?
হাসলেন রাইমা৷ বললেন, ‘হ্যঁা, এখন বাংলা ছবিই বেশি করছি৷ ভারতে বাংলা ছবি এখন ভালো অবস্থানে৷ বাংলা ছবির ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি৷ মুম্বাইতেও কিছু ভালো ছবিতে কাজ করছি৷ ওখানে আমার তিনটি ছবি মুক্তির অপেক্ষায়৷’
কলকাতার বাংলা ছবিতে তো বেশি কাজ করছেন...
‘বিষয়টি এমন না, এখানে ভালো কাজ হচ্ছে তাই করছি৷ এবং কাজও পাচ্ছি৷ এখন কলকাতার ছবিতে বাজেট ভালো, কারিগরি দিকটাও এগিয়েছে৷ এ ছাড়া ছবির গল্পকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে৷ ছবির গানের ক্ষেত্রে লোকেশনের বৈচিত্র্য আনতে বেশি বাজেট খরচ করছেন তাঁরা৷’
ভারতের রাজনীতিতে এখন চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের অনেক তারকা যোগ দিয়েছেন৷ বিষয়টিকে কীভাবে দেখছেন?
‘এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি৷ কেননা, সাধারণ মানুষের কাছে তারকাদের গ্রহণযোগ্যতা অন্য জায়গায়৷ তাঁদের ইমেজ, তাঁদের খ্যাতি, তাঁদের আদর্শ, রাজনীতিকে বিকশিত করতে পারে৷ সাধারণ মানুষ কিন্তু তারকাদের অনুসরণ করে৷ ফলে, তারকারা দেশের কাজ করলে সাধারণ মানুষও উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমার মনে হয়৷’
ভারতের লোকসভার নির্বাচনে আপনার মা জয়ী হয়েছেন৷ কেমন লাগছে৷?
‘অবশ্যই ভালো লাগছে৷ এখন মা দেশের জন্য কিছু একটা করার সুযোগ পেলেন৷’
নির্বাচনে প্রচারের সময় আপনি কি মায়ের সঙ্গে থাকতেন?
‘হ্যাঁ, আমি, রিয়া দুজনই থাকতাম৷ মাও চাইতেন৷ প্রচারের সময় বাঁকুড়াতে গিয়েছি আমরা৷ ওখানকার মানুষ খুবই সাধারণ৷ আমাদের আশীর্বাদ করেছেন৷’
বলতে বলতে গাড়ির কাছে চলে এসেছেন তিনি৷ তার পরও প্রশ্ন থাকে৷
মায়ের পথ ধরে রাইমার রাজনীতিতে আসার ইচ্ছা আছে কী?
এবার হেসে দিলেন তিনি৷ হাসি থামিয়ে বললেন, ‘এখনই না৷ আগে মা কতটুকু করতে পারছেন, তা দেখব, মায়ের কাছ থেকে শিখব৷ ভবিষ্যতে এটা বলা যাবে৷’ বলেই গাড়িতে উঠে বসলেন তিনি৷
বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন কি?
‘যদি বাংলাদেশ–ভারত যৌথভাবে হয় তাহলে করব৷ তাহলে দুদেশেই ছবিটি মুক্তি পাবে৷’
এবার আর সময় দিলেন না৷
‘প্লিজ এখন আর না, আমাকে যেতে হবে৷ আবার আসব বাংলাদেশে৷’ বলতে বলতে গাড়ির দরজা বন্ধ হয়ে গেল৷ রাইমাকে নিয়ে গাড়িটি ছুটে চলল বিমানবন্দরের দিকে৷