রাজনীতির গল্প
গোয়ায় গোলমাল থ্রি ছবির শুটিং হচ্ছে। শট শেষ হতেই অজয় দেবগন উধাও। কোথায় হারালেন তিনি? অনেক খুঁজে ইউনিটের সদস্যরা অজয়কে আবিষ্কার করেন নিরিবিলিতে, ল্যাপটপের সঙ্গে। ফেসবুকের সঙ্গেই এখন অজয়ের সময় কাটে বেশি। নতুন ছবি রাজনীতির প্রচারণা যে ফেসবুকের মাধ্যমেই সারছেন তিনি! ২১ মে থেকে ৪ জুন রাষ্ট্রীয় সমস্যা নিয়ে দর্শকদের চারটি প্রশ্ন করেছেন অজয়। যার উত্তর সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রচারণার দিক দিয়ে রাজনীতি ছবির অন্য অভিনয়শিল্পীরাও পিছিয়ে নেই। ‘বলিউড হাঙ্গামা ডট কম’ ওয়েবসাইটে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দর্শকদের সব ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। গত সপ্তাহে এই জনপ্রিয় জুটি গিয়েছিল বেঙ্গালুরুতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে; যেখানে শুটিং হয়েছিল থ্রি ইডিয়টস ছবির। রণবীর-ক্যাটরিনা সেখানে ছাত্রদের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছেন। গত এক মাসে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমা শুরুর আগে পর্দায় হাজির হচ্ছেন নাসিরউদ্দিন শাহ, নানা পাটেকর, অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অর্জুন রামপাল, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ। রবীন্দ্রনাথ ঠাকুরের করা ভারতের জাতীয় সংগীত জানা গানা মানা স্বকণ্ঠে গেয়েছেন রাজনীতি ছবির অভিনয়শিল্পীরা। জাতীয় সংগীতের সেই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ছবির পরিচালক প্রকাশ ঝা। ১৫ দিন ধরে রাতে দুই ঘণ্টার বেশি ঘুমাতে পারছেন না রণবীর। কারণ ছবির সব কটি প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হতে হচ্ছে তাঁকে। রাজনীতি যে শুধু সিরিয়াস ছবি নয়, দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য বিনোদনমূলক ছবি—তা রণবীর হাসি-ঠাট্টা, কৌতুকের মাধ্যমে সাংবাদিকদের বুঝিয়ে দিচ্ছেন। এই ছবিতেই প্রথমবারের মতো ধূসর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। ‘রাজনীতি শুধু দেশের রাজনীতি নিয়ে নির্মিত ছবি নয়, এটি রাজনৈতিক পরিবারের দরজার ভেতরের গল্প।’ জানালেন পরিচালক প্রকাশ ঝা, যিনি নিজেও ১০ বছর ধরে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত। ‘সিরিয়াস’ ছবি নির্মাণ করেই খ্যাতি কুড়িয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এমনকি রাজনীতি ছবির নাসিরউদ্দিন শাহ, নানা, অজয়, মনোজ, অর্জুন প্রত্যেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা। ‘লিখে রাখুন, এ ছবির জন্য রণবীর-ক্যাটরিনাও জাতীয় পুরস্কার অর্জন করে নেবে’—পরিচালকের আত্মবিশ্বাস।শোনা যায়, মহাভারত-এর আধুনিক সংস্করণ নাকি রাজনীতি! মহাভারত-এর চরিত্রগুলোকে নিয়ে বর্তমান রাজনৈতিক পরিবেশে ফেলে দেওয়া হয়েছে। আর এই দুঃসাধ্য কাজটি প্রকাশ ঝা করতে চেয়েছিলেন ১০ বছর আগে। ছয় বছর আগে চিত্রনাট্য সম্পূর্ণ করেছিলেন। ছবির শুটিং শুরু করেছিলেন গত বছরের শুরুতে। ভুপালের হাজারো জনতাকে নিয়ে শুটিং করা, তাদের নির্দেশনা দেওয়া—প্রকাশ বলেই সম্ভব হয়েছে। ছবির কোনো কিছুতেই কৃত্রিমতার আশ্রয় নিতে চাননি তিনি। তাহলে দ্রৌপদীর মতো ঐতিহাসিক চরিত্রে ক্যাটরিনার মতো ‘জং ধরা হিন্দি’ বলা অভিনেত্রীকে কেন নির্বাচন করা হলো? পরিচালক বলেন, ‘ক্যাটরিনা এমন কোনো সংলাপ বলেনি, যেটা ও বোঝেনি। প্রত্যেকটি সংলাপ ওকে পরিষ্কার করে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে হতো। এমনকি আমরা ওর ডাবিং করাতে চাইনি। ও নিজের ইচ্ছায় ছবির ডাবিং করেছে। শুদ্ধ ভাষায় হিন্দি বলেছে। টানা তিন মাস প্রতিদিন সন্ধ্যায় হিন্দি ভাষার শিক্ষকের কাছে পড়াশোনা করেছে। এত পরিশ্রমী, আন্তরিক অভিনেত্রীকে আমি কেন নেব না?’ক্যাটরিনা ছবিতে সুতি শাড়ি পরেছেন। অধিকাংশ দৃশ্যে মেকআপ ছাড়া অভিনয় করেছেন। এ প্রসঙ্গে ক্যাটরিনার কৈফিয়ত, ‘ভাববেন না, আমি নিজের অভিনয়প্রতিভা প্রমাণ করার জন্য এ ছবিতে কাজ করেছি। এমনকি প্রকাশ আমাকে যখন ফোনে ছবির প্রস্তাব দিয়েছিলেন, আমি নিশ্চিত ছিলাম, ছবিটি আমি করতে পারব না। পরদিন ওনার অফিসেও গিয়েছিলাম না বলার মনোভাব নিয়ে। কিন্তু ছবির চিত্রনাট্য শুনে আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। টপটপ করে চোখের পানি গড়িয়ে পড়ছিল। রাজনীতি অনেকটা দ্য গডফাদার এবং দ্য ডিপার্টেড-এর মতো টান টান উত্তেজনায় ভরপুর ছবি।’ ভুপালে টানা তিন মাস শুটিংয়ে অনেক মজা করতেন ছবির শিল্পীরা। ক্রিকেট খেলতেন সবাই। এমনকি ক্যাটরিনাও শাড়ি পরে ব্যাট হাতে নেমে যেতেন। অর্জুন রামপালই ক্যাটরিনার ক্রিকেট-গুরু। হাসতে হাসতে ক্যাট বলেন, ‘এত দিন স্টেডিয়ামে না বুঝে হাততালি দিয়েছি। এরপর আইপিএলে বুঝে-শুনে হাততালি দেব।’ অর্জুন রামপাল ছবিতে মহাভারত-এর ভীমের আদলে পৃথ্বীরাজ প্রতাপের চরিত্রে অভিনয় করেছেন। রাহুল গান্ধী ও শচীন পাইলটকে দেখেই নাকি অনুপ্রাণিত হয়ে এ চরিত্রে কাজ করেছেন অর্জুন। অজয় কাজ করেছেন কর্ণের আদলে সুরুজ কুমার চরিত্রে। ছবির শুটিং শেষ হওয়ার পর চুলে কদমছাঁট দিয়ে অজয় চলে গেছেন গোয়ায়, গোলমাল থ্রি ছবির শুটিংয়ে। পরিচালক ততক্ষণে দেখেন অজয়ের কিছু প্যাচওয়ার্ক রয়েই গেছে। বাধ্য হয়েই বিশেষ অর্ডার দিয়ে অজয়ের জন্য পরচুলা বানিয়ে গোয়ায় ছুটে গেছেন পরিচালক। সবকিছু যে পারফেক্ট হওয়া চাই। দেখা যাক, আগামীকাল মুক্তি পাওয়ার পর রাজনীতি ছবিকে দর্শকেরা কতটা পারফেক্টলি আপন করে নেন! রুম্মান রশীদ খান, তথ্যসূত্র: ওয়েবসাইট