‘দুই বাংলার নাট্যমেলা ২০১৫ রবীন্দ্রনাথ ও অন্যান্য’ শিরোনামে কাল শুক্রবার শুরু হচ্ছে দুই বাংলার নাট্যমেলা। এর আয়োজক বাংলাদেশের নাট্যদল প্রাঙ্গণেমোর। নাট্যমেলা নিয়ে কথা হলো আয়োজনটির আহ্বায়ক নুনা আফরোজের সঙ্গে।

‘দুই বাংলার নাট্যমেলা ২০১৫ রবীন্দ্রনাথ ও অন্যান্য’ উৎসবে কী ধরনের নাটকের প্রাধান্য থাকবে?
সাত দিনের এই উৎসবে দেখানো হবে ১২টি নাটক। এর পাঁচটিই রবীন্দ্রনাথের গল্প থেকে তৈরি। এর আগে আমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নাটক নিয়ে উৎসব করেছিলাম। এ ছাড়া সৈয়দ শামসুল হককে নিয়েও উৎসব করেছি। আমাদের দলের এক দশক পূর্তি উৎসবে ছিল আমাদেরই আটটি প্রযোজনা।
এই উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে কোনো দল আসছে?
কলকাতা থেকে আসছে নয়ে নাটুয়া আর পূর্ব-পশ্চিম। কলকাতা থেকে একটু দূরে কল্যাণী থেকে আসছে কল্যাণী নাট্য চর্চাকেন্দ্র। তারা পরিবেশন করবে দুটি নাটক, অন্য দুটি দল একটি করে।
রাজনৈতিক অস্থিরতার মাঝে উৎসবের প্রস্তুতি কেমন হলো?
খুব সমস্যা হচ্ছে। যেকোনো কাজে দ্বিগুণ চাপ নিতে হচ্ছে। আমরা ভাবিনি যে রাজনৈতিক এই অস্থির অবস্থা দীর্ঘস্থায়ী হবে। তবে আমরা থেমেও থাকতে পারি না। এ উৎসব আমাদের নিয়মিত কাজেরই অংশ। এর আগে ২০১৩ সালেও রাজনৈতিক অস্থিরতার ভেতর আমরা উৎসব করেছি। এবারও করছি। তখনো হলভর্তি দর্শক ছিল। আশা করছি, এবার এর ব্যতিক্রম হবে না।
অস্থিরতায় কর্মীদের মনোবল ধরে রাখছেন কীভাবে?
আমাদের ৭৬ জন কর্মী গত ২৫ দিন প্রায় ১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সংস্কৃতিজগতের কর্মীদের মনোবল সব সময়ই অটুট। থেমে থাকতে তারা অভ্যস্ত নয়। কাজ তো জীবনের অংশ, থেমে থাকা নয়।
আয়োজনের প্রস্তুতি নিয়ে কিছু বলুন?
আয়োজনটি করা হয়েছে উৎসবের মতো করেই। দর্শকেরা উৎসবস্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গেলেই সেটা বুঝতে পারবেন। বিকেলে সংস্কৃতিমন্ত্রী উদ্বোধনের পরই শুরু হবে ভারতের পূর্ব-পশ্চিম দলের নাটক রক্তকরবী।
প্রাঙ্গণেমোর কোন কোন নাটক করবে?
শনিবার ৭ মার্চ প্রাঙ্গণেমোর মঞ্চস্থ করবে শেষের কবিতা। এটা আমি পরিচালনা করব। আর সোমবার ৯ মার্চ হবে শ্যামাপ্রেম। এটার নির্দেশক অনন্ত হিরা।
অন্যান্য জেলা থেকে এ উৎসবে কোনো অংশগ্রহণ থাকছে?
অন্যান্য জেলা থেকে কোনো দলকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। এর আগে আমাদের উৎসবগুলোতে অন্যান্য জেলা থেকে নাট্যদলগুলো অংশ নিয়েছিল। রাজনৈতিক অস্থিরতার ভেতর ঢাকার বাইরে থেকে আসা তাদের জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ।