রাজনৈতিক অস্থিরতায় খাবি খাচ্ছে বিনোদন জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশীদ, আইয়ুব বাচ্চু, ন্যান্সি, মোস্তফা সরয়ার ফারুকী
মামুনুর রশীদ, আইয়ুব বাচ্চু, ন্যান্সি, মোস্তফা সরয়ার ফারুকী

রাজনৈতিক অস্থিরতায় গত কয়েক মাসে দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও এ ক্ষেত্রে ধরাশায়ী হচ্ছেন। দিনের পর দিন গুনে যাচ্ছেন ক্ষতির মাশুল। রেহাই পাচ্ছেন না বিনোদন জগতের বাসিন্দারাও। দেশের এমন অস্থির পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা।


টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি তারিক আনাম খান বলেন, ‘অভিনয়টা আমাদের পেশা। এখান থেকেই আমাদের রুটি-রুজি। হরতাল-অবরোধের কারণে আমাদের রুটি-রুজি ভীষণভাবে ব্যাহত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বেশির ভাগ শুটিং উত্তরা ও পুবাইলকেন্দ্রিক। আর অনেক সময় অনেক শিল্পীকে জীবনের ঝুঁকি নিয়ে শুটিংয়ে যেতে হয়। দেশের রাজনীতিবিদদের কাছে অনুরোধ, তাঁদের মধ্যে যেন শুভবুদ্ধির উদয় হয়।’
মামুনুর রশীদ বলেন, ‘আমরা নিঃস্ব হতে চলছি। এভাবে তো চলতে দেওয়া যায় না।’

আবুল হায়াত বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে সবাই অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি আর নিজেকে ভালোবাসছে। তাঁরা শুধু ভালোবাসছে না দেশকে। তাঁদের এ ধরনের ভালোবাসার মাশুল দিতে হচ্ছে আমাদের। আমাদের একমাত্র পেশা হচ্ছে অভিনয়। অথচ হরতাল কিংবা অবরোধের কারণে আমরা যেভাবে কাজ করতাম, তা ঠিকভাবে করতে পারছি না। যা-ও করি, তা জীবনের ঝুঁকি নিয়ে করি। এভাবে চলতে পারে না। সবার কাছে অনুরোধ, সত্যিকারভাবে দেশকে ভালোবাসুন।’ অভিনয়শিল্পী নওশীন জানান, ‘অভিনয়ের ক্যারিয়ারে এতটা স্বল্প আয়ের বছর কোনোদিন আসেনি আমার জীবনে।’

অভিনয়শিল্পীদের মতো সংগীতশিল্পীদের অবস্থাও একই। দেশের নাজুক রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশজুড়ে অস্থিরতা, হরতাল, অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি লেগেই ছিল। এসব কারণে বছরজুড়েই ছিল কনসার্ট-খরা। ওপেন এয়ার কনসার্ট চোখেই পড়েনি। এমনকি বিশেষ দিনগুলোতেও বড় কোনো আয়োজন ছিল না। এই পরিস্থিতির কারণে বছরজুড়েই হতাশা ঝরেছে শিল্পীদের কণ্ঠে। একদিকে অডিও বাজারের দুরবস্থা, অন্যদিকে কনসার্ট কিংবা স্টেজ অনুষ্ঠানের সংকট—দুই মিলিয়ে বছরটা খুব কষ্টে কাটিয়েছেন শিল্পীরা। তবে কেউ কেউ দেশের বাইরে গিয়ে বিভিন্ন শোতে অংশ নিয়ে সময়টার সদ্ব্যবহার করেছেন। সংগীতশিল্পী বালাম বলেন, ‘মানুষের দৈনন্দিন সব চাহিদা মিটে যাওয়ার পরই কেবল তাঁরা আনন্দ-বিনোদন খোঁজেন। গান শোনেন, ছবি দেখেন। কিন্তু দেশের এখনকার যে অবস্থা তাতে মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়ছে। স্বল্প আয়ের মানুষদের আরও বেশি মাত্রায় হিমশিম খেতে হচ্ছে।’

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘আমরা যারা জীবিকা নির্বাহ করতে একমাত্র পথ হিসেবে সংগীতটাকে বেছে নিয়েছি, তাঁদের জন্য এখনকার সময়টা খুবই কষ্টকর ও বেদনাদায়ক। সুন্দর এই বাংলাদেশে এটা কখনোই কাম্য হতে পারে না। সংগীত জগতের একজন প্রতিনিধি হিসেবে আমি চাইব, আমাদের কাজটা আমাদের সঠিকভাবে করতে দেওয়া হোক। আমরা যেন সঠিকভাবে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি।’

হামিন আহমেদও জানালেন একই কথা; বললেন, ‘সেপ্টেম্বর থেকে সংগীতশিল্পীদের দারুণ ব্যস্ত সময় পার করতে হয়। অথচ ২০১৩ সালের শেষ দিক থেকে এখন পর্যন্ত সংগীত-সংশ্লিষ্ট সবার চিত্রটা পুরো বিপরীত। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই। পরিকল্পনা করেও অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সি বলেন, ‘সংগীতে আমার ক্যারিয়ার অল্প কয়েক বছর। কিন্তু এর মধ্যে ২০১৩ সালের মতো এতটা বাজে বছর আমার সারা জীবনেও আসেনি।’
ডি রকস্টারখ্যাত সংগীতশিল্পী শুভ বলেন, ‘না খেয়ে মরছি। ভাগ্যিস গানের বাইরে চাকরি করছিলাম। নইলে যে কী হতো, তা চিন্তাও করতে পারছি না।’

টানা কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় মন্দাভাব দেখা দিয়েছে চলচ্চিত্র ব্যবসায়ও। রাজনৈতিক অস্থিরতার মুখে পিছিয়ে যাচ্ছে নতুন চলচ্চিত্রের মুক্তির তারিখ। লোকসান গুনতে হচ্ছে হলমালিকদের। ঈদুল আজহার পর থেকেই ছবি মুক্তির সংখ্যা কমে গিয়েছে। আর নভেম্বরের শেষ দিকে এসে তো নতুন চলচ্চিত্র মুক্তির বিষয়টি শূন্যের কোঠায় নেমে এসেছে। বাংলা চলচ্চিত্র যখন আবার তার প্রাণ ফিরে পাচ্ছে এবং একের পর এক উপহার দিচ্ছে মানসম্মত ও দর্শকনন্দিত চলচ্চিত্র, ঠিক সেই সময় অসুস্থ রাজনৈতিক পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে।

কয়েক বছর ধরে চলচ্চিত্রে মন্দাভাব বিরাজ করছিল, মুখ থুবড়ে পড়েছিল গোটা চলচ্চিত্রশিল্প। গত বছরের খরা কাটিয়ে সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে আসতে শুরু করে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো দর্শক খুব ভালোভাবেই গ্রহণ করেন। বছরটিতে নতুন নতুন মুখ এসেছে চলচ্চিত্রে অভিনয়ের জন্য। বেশ কিছু সুপার হিট ছবি উপহার দিয়েছেন পরিচালকেরা। দেশের বাইরে থেকে বয়ে এনেছে সম্মাননাও। চলচ্চিত্র বোদ্ধাদের মতে, ২০১৩ সাল ছিল বাংলা চলচ্চিত্রের পরিবর্তনের বছর। যদিও সেটাকে বাধাগ্রস্ত করেছে অসুস্থ রাজনৈতিক পরিবেশ ও সহিংসতা।

ছবি মুক্তির সব ধরনের প্রস্তুতি থাকলেও অনেক পরিচালক এখন ছবি মুক্তি দেওয়ার কোনো সাহস দেখাচ্ছেন না। এ প্রসঙ্গে কয়েকজন পরিচালক জানান, দেশের এমন অস্থিরতায় ছবি মুক্তি দিলে বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়তে হবে তাঁদের। অনেক বড় রকমের আর্থিক লোকসানে পড়ে যাওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। এসব কারণে ছবি মুক্তি দেওয়া হচ্ছে না এবং কবেনাগাদ মুক্তি পাবে—সেটা নিয়েও সংশয় আছে।

এদিকে হলমালিকেরা পড়েছেন বেকায়দায়। নতুন ছবি মুক্তি না দিতে পারায় বেশ ভালো লোকসান গুনতে হচ্ছে তাঁদের। চালাচ্ছেন পুরোনো সব চলচ্চিত্র। তাঁদের মধ্যে দেখা দিয়েছে হতাশার গ্লানি। এভাবে চললে তাঁরা সিনেমা হল চালাতে পারবেন না।

তাই চলচ্চিত্র বিশ্লেষক ও গবেষকেরা বলছেন, দেশের এই করুণ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্রের ওপর বেশ খারাপ প্রভাব পড়বে। মুখ থুবড়ে পড়বে গোটা চলচ্চিত্রশিল্প। তাই রাজনীতি যাঁরা করছেন তাঁরা যেন সঠিক পথেই রাজনীতি করেন, দেশের চলচ্চিত্রশিল্পের ক্ষতি না করে।

চলচ্চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘প্রথমেই বলতে চাই, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আমার নতুন ছবি ‘‘পিঁপড়াবিদ্যা’’ মুক্তি নিয়েও অনিশ্চয়তায় পড়ে গেছি। আমার মতো এ রকম নির্মাতা অনেকেই আছেন, যাঁদের আমার মতোই অবস্থা। বাংলাদেশে কতিপয় মানুষের হিংসার প্রবল চাষাবাদ চলছে। সব মানুষ একই সিনেমা পছন্দ করবে না, একই গান শুনবে না কিংবা একই মতের প্রতি সমর্থন জানাবে না। এটাই স্বাভাবিক। তাই বলে আমার মতের সঙ্গে অন্য মানুষের মতের মিল না থাকলে যে আমি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব, তা কিন্তু নয়। আর এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে গণতান্ত্রিক সমাজ হিসেবে আমারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারব না।’