রাজনৈতিক পরিচয় মুখ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঘোষণা করা হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮’। এই পুরস্কার চূড়ান্ত করার জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছিল। ওই জুরি বোর্ডের অন্যতম সদস্য অভিনেতা ফারুক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আপনার মূল্যায়ন বলুন।ভালোই হয়েছে। তবে খুব যে ভালো হয়েছে, সে কথা বলতে পারব না। কারণ, যে আশা নিয়ে ছবি দেখতে বসেছিলাম, সে রকম মানসম্মত ছবি পাওয়া যায়নি। অবশ্য আগে থেকেই এ বিষয়ে এক ধরনের মানসিক প্রস্তুতি আমার ছিল। ফলে আমার প্রত্যাশাটা খুব বেশি ছিল না।জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ওপর অনেক সময়ই রাজনৈতিক প্রভাবের কথা শোনা যায়। এবার তা থেকে নিজেদের কতটা দূরে রাখতে পেরেছেন?পরিষ্কার করে বলতে পারি, আমার নিজের মধ্যে যে যন্ত্রণা আছে, তা আর কাউকে দিতে চাই না। আমরা কাজের মূল্যায়ন করেছি। কে কোন দল করে, কিংবা কোন দলের সঙ্গে সম্পৃক্ত, তা আমাদের বিবেচনার বিষয় ছিল না। যে কটি ছবি দেখেছি, তাতে যাঁদের কাজ ভালো হয়েছে, তাঁদেরই পুরস্কার দেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক পরিচয়টা মুখ্য নয়। এখানে বড় পরিচয় হলো, আমরা সবাই শিল্পী।পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ব্যাপারে আপনারা সরকারকে কোনো সুপারিশ দিয়েছেন?হ্যাঁ। সরকারের কাছে অনুরোধ করেছি, যে ছবিটি সেরা হবে, সেই ছবির প্রযোজক-পরিচালককেই যেন পরের বছর অনুদান দেওয়া হয়। তাহলে ভালো ছবি বানাতে সবাই উত্সাহ পাবেন। ‘ড্রেসম্যান’ বলে যে ক্যাটাগরি আছে, তার বদলে ‘ড্রেস ডিজাইনার’ করতে বলেছি। সেই সঙ্গে প্রোডাকশন ম্যানেজারের জন্য একটি পুরস্কার বাড়াতে হবে। কারণ, একটি ছবিতে প্রোডাকশন ম্যানেজারের বড় ভূমিকা থাকে।আপনি তো অনেক দিন ধরে অভিনয় করছেন।আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবার পেয়েছি, সেটা জানতে চাইছেন তো? যন্ত্রণার কথা তো আগেই বললাম। সেরা অভিনেতা হিসেবে কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইনি। লাঠিয়াল ছবির জন্য আমাকে সহ-অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সারেং বউ, সীমার, সুজনসখী, নয়নমণি, প্রতিজ্ঞা, গোলাপী এখন ট্রেনের মতো অনেক ভালো ছবিতে অভিনয় করেছি। সেগুলোর জন্য পুরস্কার পেতে পারতাম, কিন্তু পাইনি। তাতে কিছু যায়-আসে না। দর্শক আমাকে গ্রহণ করেছে, সেটাই বড় পাওয়া।বিনোদন প্রতিবেদক