রাজপথে 'ছোটকাকু'র আনন্দ শোভাযাত্রা

ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ধারাবাহিক কিশোর উপন্যাস ছোটকাকু এবার আসছে টিভির পর্দায়। কক্সবাজারে ছোটকাকু অবলম্বনে কক্সবাজারের কাকাতুয়া নামে আট পর্বের একটি ধারাবাহিক নাটক তৈরি করেছেন আফজাল হোসেন। পরিচালনার পাশাপাশি এই নাটকে ছোটকাকুর চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। চাঁদরাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে। এ উপলক্ষে শিশু-কিশোর ও যুব সংগঠন চাঁদের হাট গতকাল শনিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে আলোচনা আর পরে রাজপথে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। আলোচনায় অংশ নেন ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, রফিকুল হক দাদু ভাই, শাহ আলমগীর, রেজানুর রহমান, আবদুর রহমান, আমীরুল ইসলাম, জামিউর রহমান, ফারজানা ব্রাউনিয়া, কোনাল প্রমুখ। সভাপতিত্ব করেন আলী ইমাম। কক্সবাজারের কাকাতুয়া ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। আরও অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।