রাজশাহীতে ‘রানওয়ে’
আজ সোমবার থেকে তারেক মাসুদের নতুন ছবি রানওয়ের প্রদর্শনী হবে রাজশাহীতে। এই প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। তারেক মাসুদ জানান, আজ রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার স্মৃতি মিলনায়তনে এবং মঙ্গলবার ও বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে।প্রদর্শনীগুলো হবে প্রতিদিন বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায়। রানওয়ের সঙ্গে আরও থাকছে তারেক মাসুদের অন্য দুটি ছবি আদম সুরত ও নরসুন্দর। শ্রুতিচিত্র, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী ফিল্ম সোসাইটি এবং রাজশাহী মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দেশব্যাপী বিকল্প ব্যবস্থায় প্রদর্শনের পাশাপাশি ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের স্বপ্নপুরী প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে রানওয়ে। সিরাজগঞ্জ বেতিলের তাঁতি-অধ্যুষিত এলাকায় ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে ছবিটির পরিচালক তারেক মাসুদ বলেন, ‘সিনেমা হল বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে এবং এর প্রতি সমর্থন জানাতেই প্রত্যন্ত অঞ্চলে টিনশেডে নির্মিত এই প্রেক্ষাগৃহটি বেছে নিয়েছি। আনন্দের বিষয়, এখানকার শ্রমজীবী মানুষের কাছেও ছবিটি আশানুরূপ আগ্রহ জাগিয়েছে।’