রাজশাহীর আঞ্চলিক ভাষায় ধারাবাহিক
এবার রাজশাহীর আঞ্চলিক ভাষায় তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক জবের ব্যাপার। মূলত রাজশাহী থেকে ঢাকায় আসা দুই যুবকের মজার মজার সব ঘটনা নিয়েই নাটকটির গল্প। তাঁদের একজন আরমান পারভেজ মুরাদ, অন্যজন আনিসুল হক। গল্পের বড় জায়গা দখল করে আছে ভণ্ড এক গণক। বাইরে তার পরিচয় গণক হলেও পর্দার অন্তরালে সে অপরাধজগতের নিয়ন্ত্রক। শহুরে ভাষা আর রাজশাহীর আঞ্চলিক ভাষার মজার মজার দ্বন্দ্ব আছে নাটকজুড়ে। সম্প্রতি নাটকের প্রথম অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। নাটকটি যৌথভাবে রচনা করেছেন শিমুল সরকার ও আসাদ সরকার। পরিচালনা করেছেন শিমুল সরকার। পরিচালক জানান, নাটকটি রাজশাহীর আঞ্চলিক ভাষায় হলেও এর প্রথম অংশের পুরো কাজই হয়েছে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর লেক, রমনা পার্ক ও উত্তরায়।শিমুল বলেন, ‘সংলাপে রাজশাহীর আঞ্চলিক ভাষা ব্যবহার করা হলেও গল্পটির শুরু কিন্তু দুই যুবকের ঢাকায় আসার পর থেকে। তারা নানা ধরনের প্রতারণা ও জটিলতার মুখোমুখি হয় এবং তা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টাও থাকে।’শিমুল জানান, নাটকটি দেখানোর ব্যাপারে বাংলাভিশনের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ১০৪ পর্বের নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সজীব, আ খ ম হাসান, শাহানাজ খুশি, শখ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।