১৬ জানুয়ারি গোল্ডেন গ্লোব, ৩০ জানুয়ারি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড। এরপর ২৭ ফেব্রুয়ারি অস্কারটাও কি নাটালি পোর্টম্যানের হাতেই উঠবে? হতেই পারে, কালো রাজহংসীর জয়জয়কার তো এখন সবখানে। অস্কারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পীসহ পাঁচটি বিভাগে মনোনয়ন জিতেছে তাঁর অভিনীত ছবি ব্ল্যাক সোয়ান। সদ্য মুক্তি পাওয়া ছবি নো স্ট্রিংস অ্যাটাচড দারুণ ব্যবসা করছে। তবে অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবনেও দারুণ কিছু ঘটতে যাচ্ছে তাঁর। খুব শিগগির মা আর স্ত্রী দুটো ভূমিকা পালন করতে হবে তাঁকে। সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দিয়েছেন। বিয়েটাও তাড়াতাড়ি সেরে ফেলবেন। ব্ল্যাক সোয়ান-এ অভিনয় করতে গিয়েই সম্পর্ক গড়ে ওঠে ছবিটির কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপাইডের সঙ্গে। ব্ল্যাক সোয়ান ছবিটি তাঁর জীবনে তাই একটা মাইলফলকই বলা যায়।লক্ষ্মী মেয়ে হিসেবেই সুনাম ছিল নাটালির। ১৯৯৪ সালে ১৩ বছর বয়সে লিওন: দ্য প্রফেশনাল ছবিটি দিয়ে অভিনয়ের সূচনা। প্রথম ছবিতেই দেখিয়েছেন অভিনয়ের ঝলক। এরপর হিট, এভরিওয়ান সেইস আই লাভ ইউ, বিউটিফুল গার্লস ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। অ্যানিহোয়্যার বাট হিয়ার ছবির জন্য পেয়েছিলেন গোল্ডেন গ্লোব মনোনয়নও। এরপরই কাজের বিরতি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য নিজেকে কিছুদিন ছুটি নেন কাজ থেকে। ‘মুভিস্টার হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়াটাই বেছে নেব’ ঘোষণা দিয়েছিলেন তিনি। পড়ার ফাঁকে শুধু স্টার ওয়ার এপিসোড টু: অ্যাটাক অব দ্য ক্লোনস ছবিতেই কাজ করেছেন। ২০০৩ সালে মনোবিজ্ঞানে স্নাতক হওয়ার পরই আবার নিয়মিত হন অভিনয়ে।মা-বাবার একমাত্র সন্তান, তাঁদের বাড়তি মনোযোগ, হলিউডের ঝাঁ চকচকে জীবন-কোনো কিছুতেই মাথা ঘুরে যায়নি তাঁর। একমনে অভিনয় করেছেন, পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। এমন মেয়েটিকেই যখন দেওয়া হলো ব্ল্যাক সোয়ান-এর নিনা চরিত্রটি, তখন কি একটুও দ্বিধা আসেনি তাঁর মনে? নাটালি মনে করেন নিনা আর নাটালির একটা জায়গায় দারুণ মিল। টেলিগ্রাফ পত্রিকায় বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি চাইতাম আশপাশের সবাইকে খুশি রাখতে। তাঁদের প্রশংসা পেতে। আর নিনাও তাই। মা, তার নাচের দলের পরিচালক সবাইকে সন্তুষ্ট করতে হবে নিনার। অন্যদের আশা, চাওয়া পূরণ করতে হবে। তবে শেষে সে ঠিকই বুঝতে পারে নিজেকে খুশি করার মধ্যেই জীবনের আনন্দ।’ছোটবেলা থেকেই নাচে পটু নাটালি। তবে এই ছবির জন্য মোটামুটি শূন্য থেকেই শুরু করতে হয়েছে তাঁকে। শুটিং শুরুর এক বছর আগে পরিচালক ড্যারেন অ্যারোনফস্কির মাথাতেই ছিল শুধু ছবিটা। তখনো ছবির স্ক্রিপ্ট তৈরি হয়নি, বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সেই সময় থেকে নাটালি নিজেকে তৈরি করতে শুরু করেছেন নিন চরিত্রটির জন্য। প্রতিদিন পাঁচ ঘণ্টা ব্যালে অনুশীলন, এক মাইল সাঁতার কাটা—অনেকটা অলিম্পিক প্রতিযোগীদের মতো কঠোর ট্রেনিং নিতে হয়েছে তাঁকে। ২০ পাউন্ড ওজন কমেছে তাঁর। আর তার ফল এখন পেতে শুরু করেছেন। এতটা সুখী বোধহয় আর কখনো ছিলেন না নাটালি। রুহিনা তাসকিনসূত্র: ওয়েবসাইট