রাজা জর্জের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কোডাক থিয়েটার, সেই তারা-ঝলমলে আসর, সিনেমা দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার মুঠোয় পাওয়ার আনন্দ—বরাবরের মতোই ছিল সবই। এত সবকিছুর পরও এবারের অস্কার আসরে কোনো কিছুর অভাব বড় হয়ে বেজেছে?হ্যাঁ, অভাব যদি একটা কিছুর থেকেই থাকে, সেটি হবে অভাবনীয় চমকের। যুক্তরাষ্ট্রের হলিউড, ক্যালিফোর্নিয়ার কোডাক থিয়েটারের গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ছয়টার কিছু পরে শুরু হওয়া ৮৩তম অস্কার অনুষ্ঠান এক হিসেবে ছিল বড়সড় চমকবিহীন। আগের দিনের পত্রিকা খুলে দেখুন, কিংস স্পিচ-এর পাল্লা ভারী ছিল শুরু থেকে। বাস্তবেও হয়েছে তা-ই। সেরা ছবি, সেরা পরিচালক (টম হুপার), সেরা অভিনেতা (কলিন ফার্থ) এবং সেরা চিত্রনাট্য মিলিয়ে সামনের সারির চারটি অস্কারই দখল করে নিয়েছে রাজা ষষ্ঠ জর্জকে নিয়ে তৈরি ছবি কিংস স্পিচ। এবারের অস্কারকে তাই বলা যেতে পারে রাজা জর্জের বিজয়গাথা। বাফটাসহ হলিউডপাড়ার বেশ কয়টি পুরস্কারের আসর নিজের করে নিয়েছিলেন কলিন ফার্থ। অস্কারেও ঠিক তা-ই। সেরা অভিনেতার নাম কলিন ফার্থ। সেরা অভিনেত্রী বিভাগে আর সবার চেয়ে এগিয়ে ছিলেন নাটালি পোর্টম্যান। চূড়ান্ত দিনে গিয়েও তার ব্যতিক্রম হয়নি। নিকোল কিডম্যান, অ্যানেট বেনিংদের ডিঙিয়ে অস্কার উঠেছে ব্ল্যাক সোয়ান ছবির এই নর্তকীর হাতেই। গোল্ডেন গ্লোব আসরে সাড়া জাগিয়ে বছর ভালোভাবে শুরু করলেও দ্য সোশ্যাল নেটওয়ার্ক অস্কারে তেমন বড় কিছু করে দেখাতে পারেনি। আসর শেষে ফেসবুক স্রষ্টা মার্ক জাকারবার্গকে নিয়ে তৈরি এই ছবির ঝুড়িতে উল্লেখযোগ্য অর্জন বলতে শুধু সেরা সম্পাদনা আর সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগের অস্কার। অন্যদিকে পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীর দুটো পুরস্কারই গেছে ফাইটার ছবির দখলে। ক্রিশ্চিয়ান বেল এবং মেলিসা লিও ভাগাভাগি করে নিয়েছেন এই বিভাগের দুটি পুরস্কার। সেরা বিদেশি ভাষার ছবির বিভাগের ‘শিরোপা’ এবার গেছে ডেনমার্কে। অস্কারের বড় দাবিদার মেক্সিকোর আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর বিউটিফুল, গ্রিসের ডগ টুথ, আলজেরিয়ার আউটসাইড দ্য ল-এর মতো ছবিকে টপকে সেরা বিদেশি ভাষার ছবি ইন এ বেটার ওয়ার্ল্ড। তথ্যসূত্র: ওয়েবসাইট।