
রাজা নাকি রাজকুমার—কে কাটাবে সোনাক্ষীর শনির দশা? অথচ তাঁর চওড়া কপালে ভাগ্যের দেবী নাকি সৌভাগ্যের বর নিয়ে বসে থাকতেন। ছবির প্রযোজকদের কাছে তিনি ছিলেন বলিউডের লক্ষ্মী। এককথায় যাকে বলে ছবির ‘লাক ফ্যাক্টর’। তিনি থাকলেই ছবি সোনায় সোহাগা। এক শ কোটির বাজার তো ছোঁবেই ছোঁবে। বাবা শত্রুঘ্ন সিনহার পরিচয়ে ফিল্মি মহল্লার পরিচিতি থাকলেও সবাই কিন্তু ডাকে ‘দাবাং কন্যা’। ২৬ বছর বয়সী বলিউডের এই তরুণী অভিনেত্রীর বিটাউনে পথচলার শুরু যে সালমান খানের সেই দাবাং দিয়েই। ২০১০ সালের বলিউড বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করে দাবাং ছবিটি। প্রথম ছবিতেই এক শ কোটি ক্লাবের বলিউড নায়িকাদের কাতারে চলে যায় সোনাক্ষী সিনহার নাম। ছবিতে ভালো অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারটিও জোটে সোনাক্ষীর কপালে। দাবাং-এর সাফল্যের পর পরই হাতে আসে একাধিক ছবির কাজ। অক্ষয় কুমারের মতো জনপ্রিয় তারকার বিপরীতে অভিনয় করেছেন রাউডি রাঠোর এবং জোকার ছবিতে। অজয় দেবগনের বিপরীতে অভিনীত সন অব সর্দার তো হিট করা ছবিগুলোর একটি। আর দাবাং এর সিক্যুয়াল দাবাং ২ ছবিটি দিয়ে তো তিনি রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস। সেই সোনাক্ষীর এ বছর হলোটা কী?

চলতি বছরে সোনাক্ষীর শুরুটা সাজিদ খানের বহুল আলোচিত রিমেক ছবি হিম্মতওয়ালার একটি আইটেম গান দিয়ে। কুবাতাসটা সম্ভবত লেগেছিল সেখানেই। সেই হিম্মতওয়ালা ফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গেই শনির ছায়া বুঝি ভর করে সোনাক্ষীর ওপর। রণবীর সিংয়ের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করা লুটেরা ছিল সোনাক্ষীর এ বছরের প্রথম ছবি। হূদয় ছুঁয়ে যাওয়া অভিনয় দিয়ে সমালোচকদের প্রশংসা অর্জন করলেও লুটেরা বক্স অফিসে কেন জানি মুখ থুবড়ে পড়ে। ছবির গল্পে চটক থাকলেও মনে হয় তাল মেলাতে পারেননি এই জমানার ধুমধাম গতির দর্শক। তবে নিখাদ ভালো ছবির তালিকায় জায়গা করে নিয়েছে লুটেরা, তা নিশ্চিত। তবে সোনাক্ষীর দ্বিতীয় প্রচেষ্টা ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারায় যা ঘটল, সেটা দৈব ছাড়া আর কিছু নয়। প্রথমত, ছবিটি চেন্নাই এক্সপ্রেস-এর পরের সপ্তাহেই মুক্তি পাওয়ার বিষয়টি ছিল সবচেয়ে পোড়াকপালি। অন্যদিকে যথারীতি সিক্যুয়াল হিসেবে প্রথম পর্বের পর অনেকটাই ছিল উপভোগের অনুপযোগী। আন্ডারওয়ার্ল্ডকে নিয়ে সাসপেন্স ড্রামা ঘরানার এই সিক্যুয়ালের আগের ছবিটি বক্স অফিসে ধুন্ধুমার ব্যবসা করলেও সোনাক্ষী অভিনীত এই ছবিটি অক্ষয় কুমার ও ইমরান খান থাকার পরও ফ্লপ। এরপর গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত বস ছবিতে অতিথি শিল্পী হিসেবে আবারও দর্শকদের সামনে উপস্থিত হয়েছিলেন সোনাক্ষী। তবে অ্যাকশনধর্মী এ ছবিও আহামরি কোনো সাফল্য পায়নি।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত বুলেট রাজা ছবিটি। বলিউডের ভিন্নধারার চিত্রনির্মাতা হিসেবে পরিচিত হলেও বাণিজ্যিক ধারার ছবি হিসেবেই বুলেট রাজা বানিয়েছেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক তিঘমাংশু ধুলিয়া। ছোট নবাব সাইফ আলী খানের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো বুলেট রাজা ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী। ছবিতে বুলেট রাজার চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। এর আগে অ্যাকশন হিরো হিসেবে অনেক ছবিতে তাঁকে দেখা গেলেও এবার সম্পূর্ণ ভিন্ন ও ব্যতিক্রমধর্মী দুর্ধর্ষ এক দেশি গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সোনাক্ষী অভিনয় করেছেন কলকাতার এক সাধারণ বাঙালি মেয়ের চরিত্রে—ছবির গল্পে যে কিনা একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। তবে অ্যাকশনে ভরপুর এই পলিটিক্যাল থ্রিলার ছবিটিও কোনো আনন্দের সংবাদ নিয়ে আসতে পারেনি সোনাক্ষীর জন্য। ৫০ কোটি বাজেটে নির্মিত ছবিটির প্রথম তিন দিনে বক্স অফিস আয় মাত্র ২১ কোটি রুপি। আর তাই রাজা ছেড়ে এখন রাজকুমারই শেষ ভরসা সোনাক্ষীর। আগামী সপ্তাহেই মুক্তি পাবে প্রভু দেবা পরিচালিত সোনাক্ষী অভিনীত নতুন ছবি আর... রাজকুমার। ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে শাহিদ-সোনাক্ষী জুটিকে। এর আগে প্রভু দেবার রাউডি রাঠোর ছবিতে অভিনয় করেছিলেন সোনাক্ষী, যা ছিল ব্লকবাস্টার হিট ছবি। সোনাক্ষীর দৃঢ় প্রত্যাশা, এই ছবি দুটি তাঁর ক্যারিয়ারে ইদানীং সব ব্যর্থতার বদনাম ঘুচিয়ে দেবে। সোনাক্ষীর ভাষায়, ‘ছবি ফ্লপ হলে আমি মোটেও ভেঙে পড়ি না, আবার ছবির সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়ি না। বাবার কাছ থেকে এ বিষয়গুলো আমি ভালোভাবেই শিখেছি। বুলেট রাজা ও আর... রাজকুমার দুটি ছবি থেকেই ভালো কিছু প্রত্যাশা করছি। তবে সে রকম কিছু না হলেও আমার করার কিছু নেই, ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়েছি। আসলে নিয়তির ওপর আমাদের কারও হাত নেই, এটাই আমি মনে-প্রাণে বিশ্বাস করি।’
সাজিদুল হক
মুম্বাই মিরর, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস, উইকিপিডিয়া অবলম্বনে