রাজা সূর্য খাঁর দরবারে
গত শনিবার দুপুরের পর এফডিসি বেশ জমে উঠেছে। সাধারণত এখন এফডিসি এতটা জমজমাট হয়ে ওঠে না। ৪ নম্বর ফ্লোরে রাজা সূর্য খাঁর দরবার সাজানো হয়েছে। টেলি সামাদকে দেখা গেল। অনেক দিন পর তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। রাজদরবারের পোশাক পরে তিনি পায়চারি করছেন। প্রোডাকশনের একজনের কাছে জানতে চাইলাম, অন্য শিল্পীরা কোথায় আছেন?সবাই সাজসজ্জায় ব্যস্ত—জানালেন একজন।মেকআপ রুমের ভেতরে ঢুকতেই দেখা গেল, পূর্ণিমা আর ববিতা সাজগোজ করছেন। সোহেল রানা ও উজ্জল তৈরি হয়ে বসে আছেন। পরিচালকের ডাক পেলেই তাঁরা শুটিংয়ে অংশ নেবেন। বেশ গম্ভীর মনে হলো সোহেল রানাকে। এবার মেকআপ রুমে এলেন কাজী মারুফ। তাঁর পরনেও রাজপোশাক। সিনিয়র শিল্পীরা বসে আছেন বলেই হয়তো পূর্ণিমা ও মারুফ বেশ চুপচাপ। এ সময়ই মেকআপ রুমে ঢুকলেন কবরী। ভালো লাগল কবরী ও ববিতার আলাপচারিতা। সাধারণত এ দুই অভিনয়শিল্পীকে বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। ববিতা ও কবরী একে অপরের সঙ্গে কুশল বিনিময় করলেন। বেশ হূদ্যতাপূর্ণ তাঁদের দুজনের সম্পর্ক। কবরী রূপসজ্জায় ব্যস্ত হয়ে গেলেন।কিছুক্ষণ পরেই চাষী নজরুল ইসলাম এলেন। তিনি আসার পরেই যেন আলাপ বেশ জমে উঠল।ববিতা চাষী নজরুল ইসলামের কাছে জানতে চাইলেন, দেবদাস ছবির কী অবস্থা? চাষী নজরুল জানালেন, ছবির কাজ শেষ। এখন শুধু শাকিবের একটা দৃশ্যের শুটিং বাকি। শাকিবের একটি সংলাপ ধারণ করার পরই ক্যামেরার কাজ শেষ হবে। ‘দেবদাস’ চরিত্রে অভিনয়ের জন্য শাকিবের বেশ প্রশংসাও করলেন চাষী। ববিতা জানতে চাইলেন, আপনি কি আপনার আগের দেবদাসকে হুবহু ঠিক রেখে বানাচ্ছেন, নাকি অন্য রকম করেছেন? চাষী নজরুল বললেন, মোটামুটি আগেরটাই রেখেছি, তবে দু-একটি জায়গায় সময়ের সঙ্গে মিলিয়ে নিয়েছি।আলোচনা অন্য দিকে সরিয়ে নিলেন উজ্জল। মাঝেমধ্যেই তিনি চেষ্টা করছিলেন কোনো একটি বিষয় নিয়ে কবরী ও ববিতার মধ্যে বাহাস সৃষ্টি করতে। দুজনই উজ্জলের ফাঁদে পা দিলেন, কিন্তু সেটি সফল হলো না।এবার আলোচনায় উঠে এল বর্তমান চলচ্চিত্র শিল্পের করুণ অবস্থা। চাষী নজরুল বললেন, কিচ্ছু হবে না। যেভাবে চলছে এভাবেই চলবে। তারপর ধ্বংস হয়ে যাবে। কারণ, কারও কোনো মাথাব্যথা নেই।কবরী বললেন, আসলে উদ্যোগটা নিতে হবে চলচ্চিত্র-নির্মাতাদের। আবার এখন যেটা বলা হচ্ছে যে ‘গেল গেল, সব গেল’, এটাও ঠিক নয়। অতীতেও এমন সমস্যা দেখা দিয়েছে। তখন সবাই মিলে এর একটা বিহিত করেছি আমরা। সরকার তো যেকোনো সহযোগিতা দিতে রাজি আছেই। ববিতাও কবরীকে সমর্থন জানালেন। এবার উজ্জল বললেন, আসলে এ সমস্যা থেকে বেরিয়ে আসতেই আমরা একটি উদ্যোগ নিয়েছি। আশা করি, একটা পথ খুঁজে পাব। পরিচালক গাজী মাহাবুব এলেন। কবরীকে বললেন, আপা, আমরা তৈরি। আপনি তৈরি হলেই সবাই শুটিং সেটে যেতে পারি।কিছুক্ষণ পর সবাই গেলেন রাজদরবারে। রাজা সূর্য খাঁর আসনে বসলেন সোহেল রানা। তাঁর বেগম কবরী। অন্যদিকে রাজা সূর্য খাঁর বিশ্বস্ত সিপাহসালার উজ্জল ও তাঁর বেগম ববিতাও রাজদরবারে আসন নিলেন। সঙ্গে আছেন কাজী মারুফ, পূর্ণিমা, টেলি সামাদ। একটু পরেই শুরু হবে দরবারের কাজ। জ্বলে উঠল লাইট, পরিচালক বললেন, ক্যামেরা। ক্যামেরা তৈরি হলো। তারপর ‘অ্যাকশন’ বলামাত্রই শুরু হলো রাজদরবারের কাজ।