রাজা হিমাদ্রির বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা হিমাদ্রির এক বছর পূর্তি উপলক্ষে নাটকটির বিশেষ মঞ্চায়ন হলো গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। প্রখ্যাত গ্রিক নাট্যকার সফোক্লিসের অসামান্য নাট্যকর্ম ইডিপাস অবলম্বনে রাজা হিমাদ্রি নাটকটি গত বছর জুন মাসে মঞ্চে এনেছিল ঢাকার নাট্যদল দৃষ্টিপাত। রাজা ইডিপাসের আত্মানুসন্ধান ও অন্তর্দ্বন্দ্বের সঙ্গে স্বাধীনতার চার দশক পরও বাঙালি আত্মপরিচয়ের অনুসন্ধান ও জাতীয় জীবনের নানা সংকট অনেকটাই মিলে যায়। এ ভাবনা সামনে রেখেই ইডিপাস নাটকটিকে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে রূপান্তর করে মঞ্চে এনেছে দৃষ্টিপাত। মূল নাটকটির অনুবাদ করেছেন শম্ভু মিত্র। এর রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন খন্দকার তাজমি নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার তাজমি নূর, মারজানা বারকাতুন, আবদুল হালিম, জাহাঙ্গীর কবির, মৃন্ময় চক্রবর্তী, শ্রেয়া খন্দকার, বৈদ্যনাথ অধিকারী প্রমুখ। বিশেষ যাত্রাপালা ‘রক্তাক্ত প্রান্তর’বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় পরীক্ষণ থিয়েটারে আগামী শুক্র ও শনিবার দুদিন শহীদ মুনীর চৌধুরী রচিত ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর অবলম্বনে বিশেষ যাত্রাপালা পরিবেশিত হবে। এর নির্দেশনা দিয়েছেন সুলতান সেলিম। প্রতিদিন সন্ধ্যা সাতটায় পালা শুরু হবে। পালাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলন কান্তি দে, শিশির রহমান, জাফরুল স্বপন, শর্মী মালা, জয়িতা মহলানবীশ, বনশ্রী অধিকারী প্রমুখ।মুনীর চৌধুরী পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রক্তাক্ত প্রান্তর নাটকটি রচনা করেন। যুদ্ধটি হয়েছিল ১৭৬১ সালে। মারাঠি বাহিনীর নেতৃত্বে ছিলেন বালাজী রাও পেশোয়া এবং মুসলিম শক্তির পক্ষে আহ্মদ শাহ্ আব্দালী। এ যুদ্ধের ইতিহাস যেমন শোকাবহ, তেমনি ভয়াবহ। হিন্দু ও মুসলিম পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প নিয়ে যুদ্ধে নামে। যুদ্ধের ফল মারাঠিদের পরাজয় ও পতন এবং মুসলিম শক্তির জয় ও প্রতিষ্ঠা লাভ। জয়-পরাজয়ের এ বাহ্য ফলাফলের অপর পিঠে রয়েছে উভয় পক্ষের অপরিমেয় ক্ষয়ক্ষতির রক্তাক্ত স্বাক্ষর। এসবই উঠে এসেছে রক্তাক্ত প্রান্তর নাটকে। কাল প্রথম দিনের প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি থাকবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার এবং সম্মানিত অতিথি থাকবেন মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। জয়নুল, কামরুল ও সুলতান শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতাবাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ শিশু-কিশোরদের জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও এস এম সুলতানের প্রতিকৃতি বা তাঁদের আঁকা ছবির অনুলিপি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করছে। কাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় প্রতিযোগিতা শুরু হবে। তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বয়সভিত্তিক তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে চারটি করে পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারীদের অঙ্কনসামগ্রী সঙ্গে আনতে হবে।