রাজার মতো নায়ক

নীল আকাশের ওপারে
১৯৬০–এর দশকে উর্দু ছবির খপ্পর থেকে বাংলা ছবিকে উদ্ধার করেছিলেন তিনি। বেহুলা ছবিতে লখিন্দর রূপে আবির্ভাব। পর্দার চাঁদ সওদাগর-পুত্র থেকে তিনি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অবিসংবাদী নায়করাজ। রোমান্টিক নায়ক হিসেবে রাজ্জাকের পরিচিতি সবচেয়ে বেশি হলেও তিনি নিজেকে ভেঙেছেন বারবার। এই আপাদমস্তক অভিনয়শিল্পীর হঠাৎ প্রয়াণ স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও চলচ্চিত্র অঙ্গনকে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আনন্দ–এর এই বিশেষ আয়োজন।
নায়ক রাজ্জাককে আমি তিনটি দৃষ্টিকোণ থেকে দেখি। প্রথমত, তিনি একটি উত্তরাধিকারের ঐতিহ্য রক্ষা করে গেছেন। আমরা যখন স্কুল-কলেজে পড়ি, তখন বাংলা সিনেমার মহানায়ক ছিলেন উত্তমকুমার। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে তখন সে ধরনের কোনো শক্তিশালী অভিনেতার আত্মপ্রকাশ ঘটেনি। ষাটের দশকে যখন রাজ্জাকের আবির্ভাব ঘটল, সে সময় আমরা অনেকেই বলতাম, এই হচ্ছেন আমাদের উত্তমকুমার। সেটি শুধু কথার কথা না। তিনি তাঁর অভিনয়গুণে, তাঁর চরিত্র চিত্রণের গুণে, তাঁর স্নিগ্ধ সুন্দর একটা ভাবমূর্তির কারণে সেই অবস্থানটা তৈরি করলেন। ফলে তিনি সেই ঐতিহ্যের উত্তরাধিকারী। যেখানে আমরা উত্তমকুমারকে স্থাপন করছি বা পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়কে, রাজ্জাক সেই অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
দ্বিতীয় বিষয়টি হলো, শুধু এলেন, অভিনয় করলেন, চলে গেলেন—সেই ধরনের অভিনেতা ছিলেন না রাজ্জাক। তিনি ছিলেন একজন জাগ্রত অভিনেতা। জাগ্রত বলছি কারণ, তিনি দায়িত্ব নিয়ে অভিনয় করতেন। অভিনয়শিল্পটাকে তিনি অন্তরে গ্রহণ করেছিলেন। অভিনয়কে একটা সামাজিক দায় হিসেবে নিয়েছিলেন। অভিনয়ের মাধ্যমে বারবার তিনি সাংস্কৃতিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
তৃতীয়টি হলো, তিনি সব সময় চলচ্চিত্র নিয়ে ভাবতেন। তিনি চাইতেন যে দেশি চলচ্চিত্র তাঁকে ছাড়াও যেন এগিয়ে যায়। এ-ও জানতেন যে কতখানি তিনি দিতে পেরেছেন। তিনি তাঁর ঐতিহাসিক অবস্থানটাও শনাক্ত করেছেন। বাংলাদেশি চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে যে পদক্ষেপ নেওয়া জরুরি, সেগুলো তিনি অকপটে বলেছেন, নেওয়ার চেষ্টা করেছেন। আমি মনে করি, এটি তাঁকে একটি বড় অবস্থান—স্বতন্ত্র অবস্থান দিয়েছে।
রাজ্জাককে সম্মানের চোখে দেখি বহুদিন থেকে। তাঁর সঙ্গে আমার সরাসরি পরিচয়টি বেশ চমকপ্রদ। ঘটনাটি বলি—বাংলাদেশ টেলিভিশনের মেনকা হাসান আমাকে দিয়ে রবীন্দ্রনাথের ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ গল্পের নাট্যরূপ দেওয়ালেন। সেই নাট্যরূপ দেওয়ার পর চ্যানেল আইতে একটা সভা হলো। ইমপ্রেস টেলিফিল্ম থেকে খোকাবাবুরপ্রত্যাবর্তন তৈরি হবে বলে ধারণা করা হচ্ছিল। রাজ্জাক বললেন, তিনি সেটি পরিচালনা করবেন। প্রয়োজন হলে তিনি অভিনয় করবেন। সেই আমার প্রথম তাঁর সঙ্গে পরিচয়। পরিচয়ের পর বললেন, এটা যদি আমি পরিচালনা করি, আপনার কোনো আপত্তি আছে নাকি? আমি বললাম, রাজ্জাক ভাই, আপনি যদি এটা করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। কিন্তু দুঃখের বিষয়, সেটা আর হয়নি। তখন থেকেই তাঁর সঙ্গে আমার একটা প্রীতিময় সম্পর্ক হয়ে যায়।
আমি খুব আনন্দিত যে এই মানুষটির সঙ্গে আমার একবার অন্তত দেখা হয়েছিল। যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন পর্যন্ত সিনেমা দেখার সুযোগ ছিল। এরপর বিদেশে গেলাম। ফিরে এসে আর সিনেমা হলে যাওয়ার মতো পরিবেশ ছিল না। এখন খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের দেশে সিনেমা হলের পরিবেশটা আসলে নষ্ট হয়ে গেছে। রাজ্জাক সব সময় চাইতেন, আমাদের সিনেমায় সুদিন ফিরুক। তাঁর সঙ্গে প্রথম দেখাতেই বলেছিলেন, আমার দুঃখ কী জানেন? সিনেমা হলে মানুষ পরিবার নিয়ে গিয়ে ছবি দেখতে পারে না। এটা যখন তিনি বলছিলেন, তাঁর ভেতরে একটা ক্রোধের মতো ব্যাপার ঘটছিল। বলেছিলেন, কেন সিনেমা হলগুলো সাংস্কৃতিক ক্ষেত্র হবে না, যেখানে একসময় মানুষ পরিবারসহ সিনেমা দেখতে যেত?
তাঁর চলচ্চিত্র যখন দেখতাম, তাঁকে খুব একজন রোমান্টিক হিরো মনে করতাম। আমি তো ছোটবেলা বেড়ে উঠেছি উত্তমকুমার-সুচিত্রা সেনের ছবি দেখে। যখন রাজ্জাককে দেখা শুরু করলাম, মনে হলো এত দিনে আমাদের একজনকে পেলাম।
রাজ্জাক সত্যিকার অর্থে একজন ভালো অভিনেতা ছিলেন। আমি তাঁর অভিনয় দেখেছি। মুগ্ধ হয়েছি। এখনো সত্যিকার রোমান্টিক সিনেমা ও নায়কের কথা মাথায় এলে রাজ্জাকের ছবিটাই চোখে ভাসে। যদিও অনেক পরে সালমান শাহকে দেখে দর্শক বেশ আশাবাদী হয়েছিল; কিন্তু রাজ্জাকের মতো কেউ আর হতে পারবেন না। এখন যাঁরা অভিনয় করছেন, তাঁদের উচিত হবে রাজ্জাকের ছবিগুলো দেখা—বারবার দেখা। পাশাপাশি রাজ্জাক যে দর্শনে বিশ্বাস করতেন—বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তাঁর কিছু হতাশা ছিল, উচ্চাশা ছিল—সেগুলো তাঁরা যেন অনুধাবন ও বাস্তবায়ন করেন। দৃশ্যটা যদি এমন হয়—প্রতিটা সিনেমা হলে দর্শক পরিবার নিয়ে এসে সিনেমা দেখছে, ভালো সিনেমা নির্মিত হচ্ছে, তবেই রাজ্জাককে সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।
লেখক: কথাসাহিত্যিক