রাজীব অভিনীত চরিত্রে মিশা সওদাগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব-মিশা মিশা সওদাগর
রাজীব-মিশা মিশা সওদাগর

বাংলা সিনেমার একসময়ের খলচরিত্রের দাপুটে অভিনেতা রাজীব (প্রয়াত) অভিনীত চরিত্রে অভিনয় করছেন এ সময়ের আরেক জনপ্রিয় খলচরিত্রের অভিনেতা মিশা সওদাগর।ছবির নাম ‘অন্তরে অন্তরে’।গুণী নির্মাতা শিবলী সাদিকই প্রথম ‘অন্তরে অন্তরে’ ছবিটি নির্মাণ করেছিলেন।এখন ছবিটির রিমেক করছেন আতিক রহমান।এরই মধ্যে পূবাইলে চিত্রনায়ক শাকিব খানের শুটিংবাড়ি জান্নাতে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিশা।
প্রয়াত রাজীব অভিনীত চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিশা বলেন, ‘কখনো কোনো বড় অভিনেতার কাজ করা চরিত্রে অভিনয় করার সুযোগ হয়নি।তবে মনে মনে স্বপ্ন দেখতাম, যদি আমি জ্যেষ্ঠ কোনো খল অভিনেতার চরিত্রে অভিনয় করার সুযোগ পাই।আমার এই স্বপ্নটা এখন বাস্তবে পরিণত হয়েছে।আমি বাংলাদেশি সিনেমার কিংবদন্তি অভিনেতা রাজীবের অভিনীত চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি।তাঁর মতো বড়মাপের অভিনেতার সঙ্গে কারও তুলনা হয় না।চেষ্টা করছি চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’
মিশা এও বলেন, ‘খলচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর সিনেমার প্রতি দায়িত্ববোধটা অনেকখানি বেড়ে গেছে।পুরস্কারটি পাওয়ার পর ভাবতে থাকি, সব ছবিতে কাজ করতে হবে কিংবা প্রতিদিন শুটিং করতে হবে—এমন কোনো কথা নেই।চরিত্র ভালো হলে করব, তা না হলে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়াব।’

উল্লেখ্য, ‘অন্তরে অন্তরে’ ছবিটি প্রথম নির্মাণ করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার শিবলী সাদিক।ওই সময় ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ ও মৌসুমী।আর এখনকার ছবিতে সালমান শাহ ও মৌসুমী অভিনীত চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করছেন নিরব ও অমৃতা।