রাজীব গান্ধীকে নিয়ে চলচ্চিত্র
ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জীবনীভিত্তিক চলচ্চিত্রের কাজ হাতে নিয়েছেন প্রযোজক শীতল তালওয়ার। চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী ভাবনা তালওয়ার। এ মুহূর্তে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরির পাশাপাশি এর অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে। আগামী বছরের মাঝামাঝিতে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।এ প্রসঙ্গে ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে শীতল জানিয়েছেন, ‘যথেষ্ট গুরুত্ব দিয়ে ছবিটির পাত্র-পাত্রী নির্বাচনের প্রক্রিয়া চলছে। রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীসহ ছবির অন্যান্য চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচনের জন্য বিস্তর গবেষণা করছি আমরা।’শীতল আরও বলেন, ‘ছবিটির গল্প অনুযায়ী প্রতিটি চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য শিল্পী বাছাইয়ের কাজটা অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। কাজটা বেশ কঠিনই ঠেকছে আমাদের কাছে। সোনিয়া গান্ধী চরিত্রে ভারতীয়, নাকি বিদেশি অভিনেত্রী নেওয়া হবে, সেটা নিয়ে খুব বেশি ভাবছি না আমরা। আমরা এমন একজন অভিনেত্রীকে খুঁজছি, যিনি বাস্তবসম্মতভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবেন।’চলচ্চিত্রটির বিষয়বস্তু সম্পর্কে শীতল বলেন, ‘এটা রাজনৈতিক কোনো ছবি নয়। ভারতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রাজীব গান্ধী যেসব স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা।’চলচ্চিত্রটির গল্পের প্রয়োজনে ভারত, ওয়াশিংটন, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং করা হবে।