রাজীবের সময়ের প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়নুল গ্যালারিতে ‘সময়ের প্রতিবেদন’ প্রদর্শনীর শিল্পকর্ম দেখছেন দর্শক l ছবি: প্রথম আলো
জয়নুল গ্যালারিতে ‘সময়ের প্রতিবেদন’ প্রদর্শনীর শিল্পকর্ম দেখছেন দর্শক l ছবি: প্রথম আলো

তরুণ শিল্পী রাজীব কুমার সাহা সমাজের বিভিন্ন স্তরে ঘটে যাওয়া ঘটনার রূপ দেন পোড়ামাটি দিয়ে। তাঁর শিল্পকর্মের বিষয় চারপাশে যা দেখা যায় এবং যা উপলব্ধি করা যায়। যেমন ধর্মীয় অনুভূতি, মাতৃত্ব, কষ্ট করে মায়ের সন্তান লালন-পালন, পারিবারিক বন্ধন ইত্যাদি। আর শিল্পীর এমন বোধজাগানিয়া মৃৎশিল্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে শুরু হলো প্রদর্শনী। শিরোনাম ‘সময়ের প্রতিবেদন’।
বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী এবং অনুষদের মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান আজহারুল ইসলাম শেখ। শিল্পী জানান, মৃৎশিল্প নির্মাণে তাঁর অনুপ্রেরণার উৎস শৈশবে দেখা নিজ জেলা নড়াইলের গ্রামীণ পরিবেশ ও প্রকৃতি।
প্রদর্শনীর প্রতিটি শিল্পকর্মের ওপর ছড়িয়ে দেওয়া হয়েছে আলোর ছোঁয়া। প্রদর্শনীতে স্থান পাওয়া কয়েকটি শিল্পকর্মের শিরোনাম হলো: বিবর্তনশীল ক্রমধারা, অপরিকল্পিত পরিণাম, পরিতৃপ্ত সংগ্রামের প্রতিফল, সারল্যের অপমৃত্যু, মাতৃত্ব, নৈকট্য নিবাস, সংক্রমিত পরম্পরা, অভিজাত পরম্পরা ইত্যাদি।
এটি শিল্পীর দ্বিতীয় একক প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।