রাজীবের স্বপ্নে হাজার হাজার দর্শক

কণ্ঠশিল্পী রাজীব কদিন আগে ফেসবুকে লেখেন, ‘যা–ই বলেন, গানের আসল মজা স্টেজেই, গেয়েও মজা, শুনেও মজা। গত রাতেই হাজার হাজার দর্শকের সামনে গাইলাম (স্বপ্নে)।’ রাজীবের স্বপ্ন আজ আংশিক সত্য হতে চলেছে। স্টেজের বদলে ঘরে বসেই কোটি দর্শকের জন্য গাইবেন ‘ক্লোজআপ ওয়ান’ ২০০৫ সালের প্রথম রানার আপ মিজান মাহমুদ রাজীব। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে শোনা যাবে তাঁর গান।
করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশের শিল্পীরা। রাজীব আজ শোনাবেন ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘আমার সোনা বন্ধুরে’ ও ‘মনে পড়ে রুবি রায়’ গানগুলো। এ গানগুলো বাছাইয়ের ক্ষেত্রে বিশেষ কারণ জানিয়ে তিনি বলেন, ‘প্রথম গানটি আমার সবচেয়ে প্রিয়। দ্বিতীয় গানটি নির্বাচন করেছি করোনার এই সময়টাকে ব্যাখ্যা করার জন্য। মানুষ যে ক্ষণজীবী একটি প্রাণী সেটা মনে করিয়ে দিতেই “হায়রে মানুষ” গানটা। মুজিব পরদেশীর “আমার সোনা বন্ধু” গানটা আমার শৈশবের গান। এটা আমার কানে লেগে আছে। যে বাড়িতে আমি জন্মেছি, তার সামনেই একটা পানের দোকানে সারাক্ষণ এই গানটা বাজত। সেটা আমার মনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে।’

নিজের মৌলিক গানের বদলে কেন এ গানগুলো গাইলেন? জানতে চাইলে রাজীব বলেন, 'এ গানগুলোর ভার আমার মৌলিক গানের চেয়ে অনেক বেশি। অন্য কোনো প্ল্যাটফর্ম বা প্রথম আলোর অন্য কোনো অনুষ্ঠানে হয়তো মৌলিক গান করব। কিন্তু করোনাকালের এ আয়োজনের জন্য এই গানগুলোই যথাযথ বলে মনে হয়েছে।’
রাজীব পরিবার–অন্তঃপ্রাণ মানুষ। লকডাউনে নতুন গান করা ছাড়াও পরিবারের সঙ্গে চমৎকার সময় পার করেছেন তিনি। সময় পেলেই গ্রামের বাড়ি জামালপুরে চলে যান, সেখানে কিছুদিন কাটিয়ে আবারও ফেরেন ঢাকায়। তিনি বলেন, ‘ঢাকায় কিছুদিন থাকার পর দম বন্ধ অনুভূতি হয়, তখন বাড়িতে চলে আসি। ব্রহ্মপুত্র নদে গা ভেজাই।’
‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও।