রাজু নয় রমজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামিজ রাজু। ছবি: আনন্দ
রামিজ রাজু। ছবি: আনন্দ

অভিনয়টা কখন থেকে ভালো লাগে? রামিজ রাজুর উত্তর, ‘মাস্টার মশাই তাঁকে কানকাটা রমজান বলতেন।’ বন্ধুরাও ডাকতেন এই নামে। রাজু তখন পড়েন ক্লাস থ্রি কি ফোরে। সংশপ্তক নাটকে হুমায়ুন ফরীদি চরিত্রটি করেছিলেন। চরিত্রটি গেঁথে যায় রাজুর মনে। অভিনয়ের প্রতি তখন থেকে আগ্রহ।

ও হ্যাঁ, রাজুর পরিচয়টাই দেওয়া হয়নি। চলুন না, চিনে আসি তাঁকে। একটু মুশকিল আছে। থিয়েটারপাড়ায় যাঁদের আসা-যাওয়া, তাঁদের কাছেই বেশি পরিচিত তিনি। থিয়েটার নিয়েই যে ধ্যানজ্ঞান। প্রাঙ্গণেমোরের হয়ে করেছেন রবীন্দ্রনাথের উত্তীয়, অতীন, বিশু পাগল, অমিত কিংবা শোভনলাল। কখনো মঞ্চে এসেছেন সম্রাট শাহজাহান কিংবা মুকুন্দ দাস হয়ে। অভিনয় করেছেন রবীন্দ্রনাথ ও নজরুলের চরিত্রে। টেলিভিশন নাটক-সিনেমায়? সেখানেও দেখা যায় তাঁকে।

 ‘অভিনয় করার কোনো প্ল্যান শুরুতে আমার ছিল না। যখন থেকে অভিনয়টা বুঝতে শিখলাম, তখন থেকে মনে হলো আমি একজন অভিনেতা হব।’—রাজুর কথা। কিন্তু অভিনেতা হওয়ার সে পথটা কী? তখনো জানেন না তিনি। একটু বড় হয়ে পত্রিকা পড়ে জানতে পারেন, কানকাটা রমজান চরিত্রায়ণকারী হুমায়ুন ফরীদি থিয়েটার করেন। মাথার ভেতর সেই প্রথম থিয়েটারটা ঢোকে। খোঁজ নিয়ে জানলেন, সেই সময় থিয়েটারের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসি। রাজুর ধারণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই কেবল টিএসসিতে যাওয়া যায়। পণ করলেন, যেকোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি। ভর্তি হলেন তিতুমীর কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।

থিয়েটারটা তখনো মাথায় ঘুর ঘুর করছে। হুটহাট করেই বাংলা বিভাগে গিয়ে আড্ডা দেন। একদিন ঠিকই টিএসসির দরজাটা খুলে গেল তাঁর কাছে। রাজু বললেন, ‘কলেজের একটি অনুষ্ঠানে বন্ধু গান গাইছিল, আমি বাজাচ্ছিলাম তবলা। এটা দেখে এক বন্ধু আমাকে প্রস্তাব করেন, তাঁদের একজন অসুস্থ থাকায় একটি নাটকে আমি রিদম বাজাতে পারব কি না। আমি জানতে চাই কোথায়? তিনি বললেন, টিএসসি।’ রাজু থিয়েটারে ঢোকার দরজাটি পেয়ে গেলেন।

অতিথি হিসেবে দলের হয়ে তবলা বাজালেন। এরপর এক মহড়াও কামাই দেননি। অভিনয়ে সুযোগ পান আর না পান, মহড়ায় রাজু উপস্থিত থাকেন প্রতিদিন। একদিন ঠিকই সুযোগ এল। রাজু বলেন, ‘আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো। পরের দিন মহড়া দেখে দলপ্রধান প্রশংসা করলেন। বললেন, ‘‘এই ছেলেটি তো নতুন এসেছে। ও যদি পারে, তোমরা পারছ না কেন?’’ উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। এই যে কনফিডেন্ট গ্রো করল। এটা দিয়েই থিয়েটারে ঢুকে গেলাম।’

তারপরের পথচলা কেবলই এগিয়ে যাওয়ার। ২০০৩ সাল পর্যন্ত কাজ করেন নটরাজ দলে। এরপর দলটি ঝিমিয়ে গেলে রাজুও চলে যান অন্য দলে।

অনন্ত হীরা ও নূনা আফরোজের হাতে সদ্য একটি দল ভূমিষ্ঠ হতে যাচ্ছে ‘প্রাঙ্গণেমোর’ নামে। রাজু চলে গেলেন সেখানে। অনন্ত হীরা ও নূনা আফরোজের হাত ধরে হয়ে উঠলেন আজকের রামিজ রাজু। অভিনয় করেছেন দলের ১৩টি প্রযোজনায়। কাজ করেছেন ডিজাইন ও সংগীতে। নির্দেশনাও দিয়েছেন একটি। ২০১৬ সালে পেয়েছেন এস এম সোলায়মান প্রণোদনা। অভিনয়ের এ স্মারকটি রাজুর সাফল্যের মুকুটে পালক হয়ে থাকবে। মঞ্চের এ মানুষটির ইচ্ছা, থিয়েটারকে পেশাদারির জায়গায় নিয়ে যাওয়া। শুরু করছেন কিছু কাজ। থিয়েটারওয়ালা রেপাটরি হয়ে অভিনয় করলেন জবর আজব ভালোবাসা নাটকে।

তরুণ এই অভিনেতার আক্ষেপ, থিয়েটারটা ঠিকভাবে প্রচার হচ্ছে না। তাঁর ইচ্ছা, সবাই যেমন করে টিভি নাটক, সিনেমা দেখে, তেমন করে থিয়েটারও দেখবে। পরিবারে থিয়েটার নিয়ে আলোচনা হবে। একটা সন্ধ্যা তারা রেখে দেবে থিয়েটারের জন্য।