রাজু ভাস্কর্যে কনসার্ট ফর ফাইটার্স

খোলা ছিল রাজু ভাস্কর্যের চারপাশের দুটি রাস্তা, দুটি বন্ধ। পথের ওপর বসে পড়েছিলেন গানপাগল তরুণেরা। গান শোনাতে এসেছিল তাঁদেরই প্রিয় সব শিল্পী ও গানের দল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজন করা হয় কনসার্ট ফর ফাইটার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরকে পরিণত করা হয় মঞ্চে। সংস্কৃতিকর্মীদের উদ্যোগে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল দেশের বিভিন্ন জেলা ও ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কনসার্টটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীব চৌধুরীকে।
উদ্যোক্তাদের অন্যতম তুহিন কান্তি দাস জানান, ‘মানবতার জয়গান গাইতেই আমাদের এই আয়োজন।’ অনুষ্ঠানস্থলে ছিল টি-শার্ট, স্টিকার ও পোস্টার। সেসব বিক্রি করে গোবিন্দগঞ্জের নির্যাতিত সাঁওতাল সম্প্রদায়ের জন্য সংগ্রহ করা হয় অর্থ।
কনসার্টে গতকাল গান করেন মাকসুদ ও ঢাকা, কফিল আহমেদ, মেঘদল, সহজিয়া, মাদল, সমগীত, চিৎকার, মনোসরণি, লীলা, গানপোকা, সীনা হাসানসহ আরও বেশ কজন শিল্পী ও দল।