রাজের নতুন ছবি 'তুমি যে আমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ছবি সম্রাট। গেল ঈদুল ফিতরে মুক্তি পায় ছবিটি। সেই ছবির নির্মাতাই এবার নতুন ছবির ঘোষণা দিলেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সেই ছবির নাম তুমি যে আমার। ছবিটি প্রযোজনা করছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভি। গতকাল মঙ্গলবার দুপুরে আরটিভির কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় নির্মাতা রাজ ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক রহমানসহ চ্যানেলটির বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছবির নায়ক-নায়িকার নাম প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে রাজ বলেন, ‘নায়ক-নায়িকা মোটামুটি চূড়ান্ত। তবে এখনই প্রকাশ করছি না। শিগগিরই আয়োজন করে সবাইকে জানানো হবে।’ পরিচালক জানান, আগামী নভেম্বরের শেষের দিকে তুমি যে আমার ছবিটির শুটিং শুরু হবে।
এর আগে যৌথভাবে কয়েকটি ছবিতে বিনিয়োগ করলেও এবারই প্রথম এককভাবে ছবি প্রযোজনায় এল আরটিভি।