রাজেশ খান্না আবারও হাসপাতালে
বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্নাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৩ জুন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শারীরিক দুর্বলতার কারণে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থার উন্নতি হওয়ায় ৮ জুলাই হাসপাতাল ত্যাগের অনুমতি মিলেছিল তাঁর। কিন্তু এক সপ্তাহের মাথায় আবারও একই সমস্যার কারণে ১৪ জুলাই শনিবার বিকেলে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে লীলাবতী হাসপাতালের একটি সূত্র। সূত্রটির উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘তিনি এখন আমাদের হাসপাতালেই আছেন।’অবশ্য এত অল্প সময়ের ব্যবধানে কেন তাঁকে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই সূত্র। তবে রাজেশ খান্নার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এবারও শারীরিক দুর্বলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ বছর বয়সী এ অভিনেতা। সেখানে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডিম্পল কাপাডিয়া ও মেয়ে রিংকি খান্না।২০ জুন রাজেশ খান্নার শারীরিক অসুস্থতার খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে বলা হয়, শারীরিকভাবে প্রচণ্ড প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন রাজেশ খান্না। কয়েক দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। তিন দিন বাদে ২৩ জুন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।এর আগে গত এপ্রিলেও শারীরিক দুর্বলতার কারণে লীলাবতী হাসপাতালে তিন-চার দিন ভর্তি ছিলেন রাজেশ খান্না।