রাজেশ খান্নাকে নিয়ে অমিতাভের ব্লগ
‘আনন্দ’ এবং ‘নমক হারাম’ ছবিতে সদ্যপ্রয়াত রাজেশ খান্নার সঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। সমবয়সী রাজেশ খান্নার প্রয়াণে মুষড়ে পড়েছেন ৬৯ বছর বয়সী অমিতাভ। প্রিয় সহকর্মী রাজেশ খান্নাকে নিয়ে স্মৃতি থেকে বর্ণিল সব ছবি এঁকেছেন তিনি ব্লগে। অমিতাভ লিখেছেন, রাজেশ খান্নাকে প্রথম দেখেছিলাম ফিল্মফেয়ার ম্যাগাজিনের পাতায়। তাঁকে প্রথম পর্দায় দেখি ‘আরাধনা’ ছবিতে। নয়াদিল্লির রিভোলি সিনেমা হলে ছবিটি দেখার জন্য আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমার মা। তরুণ ও সুদর্শন রাজেশ খান্নার প্রতি হলে উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।ফিল্মফেয়ার-মাধুরী ট্যালেন্ট প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় পরেছিলেন রাজেশ খান্না। আমিও সেই প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু প্রাথমিক বাছাইপর্বেই বাদ পড়ে যাওয়ায় বাধ্য হয়ে কলকাতায় মুখ বুুজে চাকরি করতে থাকি। ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে একসময় বোম্বে চলে আসি। এক বন্ধুর মাধ্যমে প্রথম রাজেশ খান্নার সঙ্গে সাক্ষাতের সুযোগ হয় আমার। একটি ছবির সেটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলাম। আর দশজনের মতোই আমার সঙ্গে করমর্দন করলেন তিনি। তাঁর জন্য তা ছিল নিতান্তই করমর্দন, কিন্তু আমার কাছে ছিল বিরল এক সম্মান। পরবর্তী সময়ে ‘আনন্দ’ ছবিতে তাঁর সঙ্গে আমাকেও অন্তর্ভুক্ত করা হলো। বিষয়টিকে অলৌকিক ঘটনা বলেই মনে হলো আমার। ঈশ্বরের কৃপা ছিল বলেই তাঁর মতো তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ এসেছিল আমার জীবনে। তাঁর সঙ্গে আমি কাজ করছি—এ খবর চাউর হওয়ার পরই কেবল বলিউডপাড়ায় আমার গুরুত্ব বাড়তে থাকে।খুবই সাদাসিধে, চুপচাপ, শান্ত স্বভাবের মানুষ ছিলেন রাজেশ খান্না। ছবির সেটে তাঁকে দেখার জন্য সব সময় ভিড় লেগে থাকত। সত্তরের দশকে তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সুদূর স্পেন থেকেও ভক্তরা আসতেন। সবার সঙ্গেই অমায়িক ব্যবহার করতেন তিনি। শিশুর মতো সরল হলেও তাঁর স্বভাবে রাজসিক একটা ব্যাপার ছিল। মূলত এ কারণেই সবাই চুম্বকের মতো তাঁর প্রতি আকর্ষিত হতেন।একবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ি ‘আশীর্বাদ’-এ হাজির হয়েছিলাম। কিন্তু ভুলবশত এক দিন আগেই চলে গিয়েছিলাম আমি। এমন বোকার মতো কাণ্ড ঘটিয়ে চরম বিব্রত বোধ করলাম। তিনি বুঝতে পেরে পরিচালক শক্তি সামন্তের বাসায় আমাকে নিয়ে গেলেন। আমরা সবাই মিলে রাতের খাবার খেলাম। পরদিন রাজেশ খান্নার জন্মদিনে অতিথি হলাম আমি। বহু বছর বাদে নিজের অফিসে আমাকে ডাকেন রাজেশ খান্না। তাঁর প্রোডাকশনের একটি ছবির কাজ নিয়ে আলোচনার উদ্দেশ্যেই আমাকে ডেকেছিলেন তিনি। পরে অবশ্য ছবিটির কাজ করা হয়নি। তাঁর সঙ্গে আমার শেষ দেখা হয় আইফা অনুষ্ঠানে। সেই আসরে তাঁকে আজীবন সম্মাননা জানানোর সুযোগ হয় আমার। সেখানে আমার সম্পর্কে তিনি আন্তরিকভাবে যে কথা বলেছিলেন, তা আজও স্পষ্ট শুনতে পাই আমি।সময় এবং পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানুষ পরিবর্তিত হয়। কিন্তু এই সূত্র খাটে না রাজেশ খান্নার বেলায়। জীবনের শুরু থেকে শেষ অবধি তাঁর আচরণে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তিনি সব সময় নিজের শান্ত, চুপচাপ এবং রাজসিক ব্যক্তিত্বকে ধরে রেখেছেন। রাজেশ খান্নার মৃত্যুসংবাদ পেয়ে তাঁর বাড়িতে গিয়ে চুপচাপ বসে ছিলাম। তখন তাঁর একজন কাছের মানুষ কান্নাভেজা কণ্ঠে আমায় জানালেন, জীবিত রাজেশ খান্নার শেষ বাক্যটি ছিল, ‘টাইম আপ হো গয়্যা, প্যাক আপ’।