রাজেশ খান্নার প্রস্থান
‘মৃত্যুই আমাদের শেষ গন্তব্য নয়। রাজেশ খান্না হিন্দি ছবিকে যা দিয়ে গেছেন, তা কি আমরা কেউ কখনো ভুলে যেতে পারব?’—প্রশ্ন ছুড়েছেন দিলীপ কুমার। রাজেশ খান্নাকে বলা হতো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের প্রথম সুপারস্টার। কেউ বা আহ্লাদিত হয়ে ডাকতেন, ‘কিং অব রোমান্স’। আনন্দ ছবিতে অভিনয়ের কারণে ‘কাকাজি’ কিংবা ‘বাবুমশাই’ উপাধি তো আছেই। এত বড় একজন সুপারস্টার ১৮ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এতে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছে বলিউড। ১৮ জুলাই থেকে মুম্বাইয়ে টানা বৃষ্টি হচ্ছে। ‘হয়তো প্রকৃতিও রাজেশ খান্নার মহাপ্রয়াণ মেনে নিতে পারেনি’—মন্তব্য শাহরুখ খানের। তাঁর ভাষায়, ‘অমিতাভ বচ্চন আমার প্রিয় অভিনেতা। তবে আমি অভিনেতা হিসেবে অনুপ্রাণিত হয়েছি রাজেশ খান্নাকে দেখে। মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে সিনেমা থিয়েটারে গিয়ে রাজেশ খান্নার ছবি গোগ্রাসে গিলতাম। তাঁর সবকিছুই স্বপ্নের মতো মনে হতো।’ রাজেশ খান্নার অনেক ছবির হিট নায়িকা শর্মিলা ঠাকুর বলেন, ‘অন্য নায়কদের অসম্মান করতে চাই না। তবে আমার মতে, ভারতের ইতিহাসে সত্যিকারের সুপারস্টার রাজেশ খান্নার আগে কেউ আসেনি।’ শাবানা আজমি বরাবরই রাখঢাক করে কথা বলতে অনভ্যস্ত। তিনি বলেন, ‘এমন নয়, রাজেশ খান্না ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা। তাঁর চেয়েও অনেক মেধাবী অভিনেতা আমরা পেয়েছি। দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অমিতাভ বচ্চন—কেউ কারও চেয়ে কম নয়। তবে রাজেশ খান্নার জন্য ভক্তদের যতটা উন্মাদনা দেখা গেছে, তা অন্য কোনো তারকা অর্জন করতে পারেননি।’উন্মাদনার একটা নমুনা দিতে গিয়ে রাজেশের সর্বাধিক ১৫টি ছবির নায়িকা হেমা মালিনী বলেন, ‘সে সময়ের অনেক তরুণী রাজেশ খান্নার স্টিল ছবিকে বিয়ে করতেন। কেউ আবার রক্ত দিয়ে চিঠি লিখে তাঁর কাছে পাঠাতেন। রাজেশ খান্নার জ্বর হলে কাঁদতে কাঁদতে বুক ভাসাতেন। সে সময় রাজেশের গাড়িই ছিল সব তারকাদের মধ্যে সেরা। তাঁর গাড়ির গ্লাসে সব সময়ই মেয়েদের লিপস্টিকের দাগ লেগে থাকত। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেওয়া—এটা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। বোম্বে ইউনিভার্সিটির টেক্সটবুকে পড়ানো হতো, “ক্যারিশমা অব রাজেশ খান্না”। ’৬৭-’৭৫-এ বাচ্চাদের নাম “রাজেশ” রাখার ধুম পড়ে গিয়েছিল। এই হচ্ছেন রাজেশ খান্না।’ যদিও রাজেশ খান্নার আসল নাম যতীন খান্না। অমৃতসরে ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। তবে তাঁর বেড়ে ওঠা সবকিছুই মুম্বাইয়ে, রাজেশের মা-বাবার পরিচিত এক দম্পতি রাজেশকে দত্তক নেন। বড় হয়ে মঞ্চে অভিনয়, সেখান থেকে ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে ছবি পাঠানো, অতঃপর বিজয়ী হয়ে আড়াই লাখ পারিশ্রমিক নিয়ে আখরি খাত ছবিতে অভিনয়। প্রথম ছবিতে তেমন সাফল্য না পেলেও আরাধনা ছবিতে অভিনয়ের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করেন খান্না। ইতিহাসের শুরু আরাধনা দিয়ে। পরপর তিন বছরে এরপর টানা ১৫টি হিট ছবি (আরাধনা, দো রাস্তে, বন্ধন, ডোলি, খামোশি, ইত্তেফাক, সফর, কাটি পতঙ্গ, দ্য ট্রেন, সাচ্চা ঝুটা, আন মিলো সাজনা, মেহবুব কি মেহেন্দি, দুশমন, আন্দাজ, আনন্দ) উপহার দিয়ে রেকর্ড সৃষ্টি করেন রাজেশ খান্না, যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। ’৬৭ থেকে ’৯১ এই ২৪ বছরে রাজেশের ৭৩টি ছবি গোল্ডেন জুবিলি, ২২টি ছবি সিলভার জুবিলি পালন করেছে। এত বড় সাফল্যের মালিক হওয়া চাট্টিখানি কথা নয়। রাজেশ খান্নার সঙ্গে আটটি ছবিতে অভিনয় করেছিলেন নায়িকা মুমতাজ। এর মধ্যে আটটিই ব্লকবাস্টার হিট। মুমতাজ বলেন, ‘রাজেশ খান্না অভিনয়ে আসার আগে সবকিছু ফর্মুলা-মাফিক চলত। রাজেশ এসে নিজের ফর্মুলা তৈরি করেছিলেন। স্ক্রিপ্ট, গান, পরিচালনা—সবকিছু তাঁকে মাথায় রেখে হতো।’ রাজেশ খান্নার সোনালি ক্যারিয়ারে প্রথম দাগ বসিয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভের কারণেই রাজেশ তাঁর সিংহাসন হারিয়েছিলেন। সেই অমিতাভ রাজেশের মৃত্যুতে নিজের ব্লগে আনন্দ ছবির সংলাপের মতো লিখেছেন, ‘রাজেশ খান্নারা মরে না। মরতে পারে না। এক জমানা ছিল, যখন থিয়েটারে সিনেমা চলত না। রাজেশ খান্না চলত। আমি সেই জমানার সাক্ষী। খান্না সাহেবের কুর্তা পাজামা সে সময় স্টাইল হয়ে দাঁড়িয়েছিল। স্পেন, সুইজারল্যান্ড থেকে ভক্তরা তাঁর সঙ্গে দেখা করতে আসত। নির্মাতাদের কাছে তিনি ছিলেন আরাধ্য একজন ব্যক্তিত্ব। আমরা তাঁর কাছে কিছুই না।’ অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, জীতেন্দ্র একই বছর ১৯৪২ সালে জন্ম নিয়েছিলেন। জীতেন্দ্র বলেন, ‘আমি ও রাজেশ একসঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছি। রাজেশই আমাকে অভিনয়ে নিয়ে এসেছিলেন। অভিনয়ের খুঁটিনাটি সবকিছু শিখিয়েছিলেন। ৪৫ বছরে ১৬৩টি ছবিতে অভিনয় করেছিলেন রাজেশ। কিন্তু কখনোই কেন্দ্রীয় চরিত্র ছাড়া অভিনয় করতে চাননি। আবতার, আ আব লৌট চলে—দুটি ছবিতে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন, প্রশংসাও কুড়িয়েছিলেন। দাদাসাহেব ফালকে, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ার—এমন কোনো পুরস্কার নেই, যা রাজেশ খান্না পাননি। প্রায় ৩২টি ছবিতে রাজেশ খান্না-কিশোর কুমার-আরডি বর্মণের ত্রয়ী জুটি দর্শকদের বেঁধে রেখেছিল মন্ত্রমুগ্ধের মতো। মেরে সাপনো কি রানি কাব আয়েগি তু, জিন্দেগি কে সফর ম্যায়, জিন্দেগি কেয়া সফর হে সুহানা, ইয়ে কেয়া হুয়া কেয়সে হুয়া কিউ হুয়া, ওয়াদা তেরা ওয়াদা, ও মেরে দিল কা চেন, জয় জয় শিব শঙ্কর, রূপ তেরা মাস্তানা—রাজেশ খান্নার হিট গানের সংখ্যা অগণিত। রূপ তেরা মাস্তানা গানটি তো এক টেকেই অভিনয় করেছিলেন তিনি। অভিনয়জীবনের পড়তি সময়ে রাজনীতিতে যোগ দেন রাজেশ। কংগ্রেসের টিকিট নিয়ে ১৯৯২-১৯৯৬ চার বছর লোকসভার সদস্য ছিলেন।অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি রাজেশের জীবনে নারীর ভূমিকাও ম্যাগাজিনের শোভা বাড়িয়েছিল সেই সময়। ছয় বছর অঞ্জু মাহেন্দ্রর সঙ্গে প্রেমের পর ১৫ বছরের ছোট নতুন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে, এই বিয়ের নয় বছরের মাথায় ডিম্পলের সঙ্গে আলাদা হয়ে যাওয়া—সবকিছুই সিনেমার চিত্রনাট্যের মতো এগিয়েছে। মাঝে টিনা মুনিমের সঙ্গে প্রেম ওলটপালট করে দেয় রাজেশ খান্নার ব্যক্তি এবং অভিনয়জীবন। তবে জীবনের শেষ দিন পর্যন্ত ডিম্পলকে তালাক দেননি রাজেশ খান্না। এ কারণেই হয়তো রাজেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে ডিম্পলই সবার আগে এগিয়ে আসেন। রাজেশের জীবনের শেষ দুই মাস সেবা-শুশ্রুষা করেন। তবে রাজেশের মৃত্যুর পর তাঁর লিভ-ইন সঙ্গী অনিতা আদভানির নামও আলোচনায় এসেছে। ১০ বছর ধরে রাজেশের ‘আশীর্বাদ’ অ্যাপার্টমেন্টে থাকতেন অনিতা। কিন্তু প্রেমিকের মৃত্যুর পর শেষবারের মতো তাঁর মুখটি দেখতে দেননি ডিম্পল, কিংবা তাঁর মেয়ের জামাই অক্ষয় কুমার। রাজেশের মেয়ে টুইংকলের দাবি, তাঁর বাবা চেয়েছিলেন মৃত্যুর পর এ বাড়িতে তাঁর স্মরণে একটি জাদুঘর নির্মাণ করা হোক। অক্ষয়-টুইংকল এখন ‘আশীর্বাদ’ ভেঙে সেই জাদুঘরই তৈরি করবেন। রুম্মান রশীদ খানমিড ডে, হিন্দুস্তান টাইমস, সিএএন-আইবিএন, আইবিএন লাইভ, রেডিফ, বলিউড হাঙ্গামা, আইএমডিবি ডট কম অবলম্বনে