রাজেশ খান্নার মৃত্যুতে শোক
‘বাবুমশাই, জীবন আর মৃত্যু তো ওপরওয়ালার হাতে। এটা না আপনি বদলাতে পারেন, না আমি। আমরা তো সব রঙ্গমঞ্চের কাঠের পুতুল, যার দড়ি ওপরওয়ালার হাতে। কখন, কে, কোথায় চলে যাবে—তা তো কেউ জানে না।’ আনন্দ সিনেমায় রাজেশ খান্নার সেই সংলাপ কি ভোলা যায়? রাজেশ খান্না আর নেই। কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৬৯।শেষ সময়টায় পাশে পেয়েছেন স্ত্রী ডিম্পল কাপাডিয়া, মেয়ে টুইংকল খান্না, রিংকি খান্না, মেয়েজামাই অক্ষয় কুমার, নাতি-নাতনি আর পরিবারের কাছের মানুষদের।তাঁর মৃত্যুর পর শোকের ছায়া নেমেছে বলিউডে। স্মৃতিচারণা আর শোকবার্তা দিচ্ছেন অনেক তারকা। রাজনীতিবিদেরাও প্রতিক্রিয়া দিয়েছেন।প্রধানমন্ত্রী মনমোহন সিং শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুতে।‘অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে ভারতীয়দের হূদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।’ বলেছেন গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর সহশিল্পী আশা পারেখ বলেছেন, ‘অভিনেতা হিসেবে তিনি দারুণ। তাঁর চলে যাওয়ার দিনটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক।’হেমা মালিনী বলেছেন, ‘তাঁর সঙ্গে কাজ করার সুন্দর কিছু স্মৃতি আছে আমার।...হিন্দি সিনেমার জন্য এটা বড় ক্ষতি।’আশা ভোঁসলে বলেছেন, ‘খুবই সাদামাটা মনের মানুষ ছিলেন তিনি। মেয়েরা তাঁর জন্য পাগল ছিল। এখনো আমার মনে পড়ে, বিবাহিত ও অবিবাহিত মেয়েরা তাঁকে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে ভালোবাসার কথা জানাত।’ মৌসুমী চ্যাটার্জি বলেছেন, ‘রাজেশ খান্নার জীবনটা তাঁর সেই বিখ্যাত সংলাপের মতোই, “জীবনটা বড় হওয়া উচিত... লম্বা নয়।” আমার বিশ্বাস করতে আরও সময় লাগবে যে তিনি সত্যিই আমাদের মাঝে নেই।’সায়রা বানুর মনে আছে রাজেশ খান্নার লাজুক ব্যক্তিত্বের কথা। বললেন, ‘লাজুক, বিনয়ী আর সুন্দর ব্যক্তিত্বের মানুষ মনে হতো তাঁকে।’রাজেশ খান্নার অসুস্থতার সময় তাঁর সমসাময়িক আরেক শিল্পী মনোজ কুমার দেখা করতে চেয়েছিলেন তাঁর সঙ্গে। ‘ডিম্পল জানিয়েছিলেন তিনি কথা বলার অবস্থায় নেই। তাঁর সঙ্গে জীবনের সেরা কিছু স্মৃতি আছে আমার। তাঁকে খুব মিস করব।’ বলেন তিনি। জি নিউজ ব্যুরো, টাইমস অব ইন্ডিয়া।