রাজেশ খান্নার শারীরিক অবস্থা সংকটাপন্ন
হিন্দি চলচ্চিত্রের প্রথম ‘সুপারস্টার’ তকমা পাওয়া বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্নার শারীরিক অবস্থা সংকটাপন্ন। কয়েক দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন ৬৯ বছর বয়সী এ অভিনেতা।এ প্রসঙ্গে রাজেশ খান্নার ম্যানেজারের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, ‘ভালো নেই রাজেশ খান্না। তিন-চার দিন ধরে তিনি মুখে খাবার তুলতে পারছেন না। এখন বাড়িতেই আছেন। তাঁর স্ত্রী ডিম্পল কাপাডিয়া সার্বক্ষণিক পাশে থেকে সেবা-শুশ্রূষা করছেন।’ অবশ্য শিগগিরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে কি না, সেটা নিশ্চিত করেননি তিনি।এ বছরের এপ্রিলে অসুস্থ অবস্থায় রাজেশ খান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে পরে অবশ্য হাসপাতাল ত্যাগের অনুমতি পেয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বিগ্ন রয়েছেন তাঁর পরিবারের সদস্যেরা। বাবার অসুস্থতার খবর শুনে ২০ জুন বুধবার সকালে রাজেশ খান্নার ছোট মেয়ে রিঙ্কি খান্না মুম্বাই এসে পৌঁছেছেন। উদ্বিগ্ন রিঙ্কি ও তাঁর মা ডিম্পল সব সময় রাজেশ খান্নার পাশে থেকে তাঁর দেখভাল করছেন।উল্লেখ্য, ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই প্রখ্যাত অভিনেতা। তাঁর নাম ছিল যতীন খান্না। পরবর্তী সময়ে নাম পালটে তিনি হয়ে যান রাজেশ খান্না। তিনি ১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তাঁকে হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ অভিনয় জীবনে ‘রাজ’, ‘দো রাস্তে’, ‘আরাধনা’সহ ১৬৩টি ছবিতে অভিনয় করেছেন রাজেশ খান্না। সেগুলোর মধ্যে ১০৬টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরপর ১৫টি হিট ছবি উপহার দিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।কাজের স্বীকৃতি হিসেবে দাদাসাহেব ফালকে, প্রাইড অব দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন গুণী এ অভিনেতা। সম্প্রতি আর বাল্কির নির্দেশনায় হ্যাভেল’স ফ্যানের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন রাজেশ খান্না।