রাজেশ খান্নার শেষকৃত্য সম্পন্ন
মুম্বাইয়ের ভিলে পার্ল শব-চুল্লিতে আজ দুপুরে সদ্যপ্রয়াত বলিউডের অভিনেতা রাজেশ খান্নার মুখাগ্নি করেছে তাঁর নাতি আরাভ কুমার। এ সময় ১০ বছর বয়সী আরাভের সঙ্গে ছিলেন তার বাবা অক্ষয় কুমার।সকাল সোয়া ১০টায় শুরু হয় রাজেশ খান্নার শবযাত্রা। কাচের কফিনে করে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে জড়ো হন তাঁর হাজারো ভক্ত ও অনুরাগী। কফিনে ফুল ছুড়ে প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান তাঁরা। দুপুর ১২টায় ভিলে পার্ল শব-চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় রাজেশ খান্নার।তুমুল বৃষ্টি সত্ত্বেও শেষকৃত্যানুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজেশ খান্নার হাজারো ভক্ত। পরিবারের সদস্যরা ছাড়াও বলিউডের অনেক তারকা অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজেশ খান্নাকে। তাঁদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, কারিশমা কাপুর, করণ জোহর প্রমুখ।শারীরিক দুর্বলতার কারণে চলতি বছরের এপ্রিলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন রাজেশ খান্না। সেবার তিন-চার দিন হাসপাতালে ছিলেন তিনি। এরপর আরও কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। সর্বশেষ ১৬ জুলাই সোমবার বিকেলে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করে বাঁচিয়ে রাখা হয় তাঁকে। সেখানেই ১৮ জুলাই বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।উল্লেখ্য, ১৯৪২ সালের ২৯ ডিসেম্বর ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের এই প্রখ্যাত অভিনেতা। তাঁর নাম ছিল যতীন খান্না। পরবর্তী সময়ে নাম পালটে তিনি হয়ে যান রাজেশ খান্না। ১৯৬৬ সালে ‘আখরি খত (দ্য লাস্ট লেটার)’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। তাঁকে হিন্দি চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘ অভিনয়জীবনে ‘রাজ’, ‘দো রাস্তে’, ‘আরাধনা’সহ মোট ১৬৩টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ১০৬টি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পরপর ১৫টি হিট ছবি উপহার দিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘রোমান্টিক হিরো’খ্যাত রাজেশ খান্না।কাজের স্বীকৃতি হিসেবে দাদা সাহেব ফালকে, প্রাইড অব দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, কলা রত্ন, অপ্সরা, জি সিনে, আইফা, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার জিতেছেন গুণী এই অভিনেতা। কিছুদিন আগে আর বাল্কির নির্দেশনায় হ্যাভেল’স ফ্যানের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন রাজেশ খান্না।