রাজেশের পক্ষে ডিম্পলের পদ্মভূষণ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার পক্ষে আজ ২০ এপ্রিল পদ্মভূষণ পদক গ্রহণ করলেন তাঁর স্ত্রী ডিম্পল কাপাডিয়া। তাঁর হাতে ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ এ পদক তুলে দিয়েছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। পদক প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজেশ ও ডিম্পলের বড় মেয়ে টুইংকেল খান্না। বলিউডের প্রথম ‘সুপারস্টার’ তকমা পাওয়া অভিনেতা রাজেশ খান্না মৃত্যুবরণ করেন গত বছরের ১৮ জুলাই। গুণী এ অভিনেতাকে পদ্মভূষণ খেতাবে ভূষিত করার ঘোষণা এসেছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। আজ আনুষ্ঠানিকভাবে তাঁকে এ সম্মাননা জানানো হল। এক খবরে জানিয়েছে ‘এনডিটিভি’। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও সম্মানিত হয়েছেন প্রয়াত বলিউডের অভিনেতা ও কৌতুকশিল্পী যশপাল ভাট্টি। তাঁর মৃত্যু হয়েছিল গত বছরের অক্টোবরে। যশপাল ভাট্টির পক্ষে আজ পদ্মভূষণ পদক গ্রহণ করেছেন তাঁর স্ত্রী সবিতা ভাট্টি। পদ্মভূষণ পদক আরও পেয়েছেন মুষ্টিযোদ্ধা ম্যারি কম এবং শিল্পপতি আদি গোদরেজ। এ ছাড়া পদ্মবিভূষণ পদক পেয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী এস এইচ রাজা আর পদ্মশ্রী পদক দেওয়া হয়েছে বলিউডের প্রখ্যাত নির্মাতা রমেশ সিপ্পি, অভিনেতা নানা পাটেকার, কুস্তিগির যোগেশ্বর দত্ত এবং শ্যুটার বিজয় কুমারকে। এর আগে গত ৫ এপ্রিল পদক গ্রহণ করেছিলেন বলিউডের অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও শ্রীদেবী, ক্রিকেটার রাহুল দ্রাবিড় প্রমুখ।