রাজ্জাক আইসিইউতে

রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা রাজ্জাক। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছেন। এখন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিন তিনি এই হাসপাতালেই ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার জেদ করে তিনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন রাজ্জাককে আইসিইউতে ভর্তি করা হয়।
গতকাল শনিবার সকালে রাজ্জাকের ছেলে সম্রাট বলেন, ‘আব্বা নিউমোনিয়ায় আক্রান্ত। বাসায় নিয়ে যাওয়ার সময় চিকিৎসক বাবাকে ধুলাবালু ও ধূমপানমুক্ত পরিবেশে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। এখন তো আব্বার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। সবার কাছে আব্বার জন্য দোয়া চাইছি।’
বিকেলে সম্রাট জানান, রাজ্জাকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তা স্থিতিশীল থাকলে আজ দিনের কোনো এক সময় তাঁকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে।