রাজ্জাককে নিয়ে নায়িকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক। ফাইল ছবি
রাজ্জাক। ফাইল ছবি

কবরী
দিন, তারিখ, মাস, বছর কোনোটাই মনে নেই। শুধু মনে আছে গাজী মাজহারুল আনোয়ারের যোগাযোগ ছবির মাধ্যমে রাজ্জাকের সঙ্গে আমার যোগাযোগ হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, শেষ পর্যন্ত ছবিটি আর তৈরি হয়নি। এই ছবির জন্য কথা বলতে গিয়ে গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গেও পরিচয় হয়। এরপর তাঁর বাসায় রাজ্জাক সাহেবের সঙ্গে অনেক গল্প হয়। একটা পরিকল্পনাও হয়। তখনো আমি তাঁর সঙ্গে কোনো ছবিতে অভিনয় করিনি।
তবে যোগাযোগ ছবি নিয়ে আলাপ করতে করতে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়ে যায়। ময়নামতি ছবির পর আমাদের নিয়ে চারদিকে হইচই শুরু হয়ে যায়। এর আগে ও পরে অনেক ছবিতে কাজ করি। ছবিগুলো করতে গিয়ে আমাদের মধ্যে অনেক মিষ্টি মুহূর্ত পেয়েছি। রয়েছে অসংখ্য গল্পও।

কবরী
কবরী

সে সময় আমার বয়সও অনেক কম ছিল। গল্প আর আড্ডায় আমাদের মধ্যে নিটোল বন্ধুত্ব গড়ে ওঠে। তখনকার সময়েও আমাদের বন্ধুত্বকে সাধারণ মানুষ বাঁকা চোখে দেখত। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলচ্চিত্রের লোকেরা খুব উপভোগ করত। তাঁরা নিশ্চিত ছিলেন, রাজ্জাক ও কবরীর মধ্যে অদৃশ্য কোনো সম্পর্ক নেই। তাঁরা শুধুই বন্ধু। আমাদের জুটি তৈরি হয়েছে বাস্তবতার নিরিখে। আমাদের খুনসুঁটি হতো। এ নিয়ে মান-অভিমানেরও শেষ ছিল না। কোনো ছবির শুটিংয়ে আবার মান-অভিমানের দৃশ্যগুলোতে অভিনয়ের ক্ষেত্রে মনে হতো না, অভিনয় করছি। মনেই হতো, বাস্তবতার নিরিখে আমরা মান-অভিমানের ব্যাপারগুলো তুলে ধরছি। নিটোল বন্ধুত্বের কারণেই তা সম্ভব হয়েছে। একটা সময় তো তাঁর পরিবারের সঙ্গেও আমার দারুণ একটা বন্ধুত্ব গড়ে ওঠে। রাজ্জাক সাহেবের স্ত্রী লক্ষ্ণীও আমাদের বন্ধুত্ব সম্পর্কে ভালোই জানতেন। তাই এ নিয়ে তিনি কিছুই মনে করতেন না। তাঁর বাচ্চারাও আমাদের বাসায় আসা-যাওয়া করত।
রাজ্জাক সাহেবকে নিয়ে এই ধরনের অনেক মিষ্টি মুহূর্ত আছে। রয়েছে অসংখ্য গল্প। আজ এই ধরনের গল্প বলার রহস্য হচ্ছে রাজ্জাক সাহেবের জন্মদিন। নায়করাজের জন্মদিন। তাঁর জন্মদিনে মিষ্টি মুহূর্তগুলো আমার কাছ থেকে উপহার।
অনুলিখন: মনজুর কাদের

মৌসুমী
মৌসুমী

মৌসুমী
রাজ্জাক ভাই গুণী শিল্পী। তাঁর সঙ্গে কাজ করা অনেক ভাগ্যের ব্যাপার। সেই সুযোগ আমার হয়েছে। মানুষ হিসেবেও তিনি অনন্য। আমাদের চলার পথে অনেক ভুল হয়েছে, রাজ্জাক ভাইকে কোনো দিন তা ধরে রাখতে দেখিনি। সামনে থাকলে সঙ্গে সঙ্গে শুধরে দিতেন। পরে দেখা হলে এমনভাবে কথা বলতেন, মনে হতো না তিনি কোনো বিষয়ে কখনো কষ্ট পেয়েছেন। আমরা প্রায়ই রাজ্জাক ভাই আর কবরী আপাকে নিয়ে মজা করে কাজ করতাম। সহশিল্পীদের সহযোগিতার ব্যাপারে রাজ্জাক ভাই খুবই আন্তরিক। ২০০২ সাল। আমি তখন কখনো মেঘ কখনো বৃষ্টি ছবিটি বানাব। তার আগে রাজ্জাক ভাই হৃদ্রোগে আক্রান্ত হন। তখন অবশ্য কিছুটা সুস্থ তিনি। তবে কোনো কাজ করছিলেন না। একটি চরিত্রের জন্য তাঁকে খুব দরকার ছিল। প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গেলেন। রাজ্জাক ভাইয়ের মতো এত বড় মাপের অভিনেতা তিনি আমাদের মাঝে আরও অনেক বছর ধরে বেঁচে থাকুন। তাঁর ছায়া যত দিন থাকবে, চলচ্চিত্রে কোনো অশুভ ছায়া থাকবে না। তাঁর আলোয় এফডিসি আলোকিত থাকে।

শাবনূর
শাবনূর

শাবনূর
সময়টা ঠিক মনে করতে পারছি না। একটি অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছি। সেদিন সঙ্গী হিসেবে পেয়েছিলাম রাজ্জাক আংকেল আর কবরী ম্যাডামকে। প্লেনে আমি কবরী ম্যাডামের সঙ্গে বসেছিলাম। তখন দুষ্টুমি করে কবরী ম্যাডাম আমাকে বললেন, ‘এই, তুই কিন্তু ওর সঙ্গে কথা বলবি না।’ কথাটা রাজ্জাক আংকেল কীভাবে যেন শুনে যান। এরপর তা নিয়ে হাসির রোল পড়ে যায়। দীর্ঘ অভিনয়জীবনে রাজ্জাক আংকেলের সঙ্গে অনেক ছবির কাজ করেছি। সেটে তিনি থাকলে খুব ভালো লাগে। নিশ্চিন্ত থাকি। মনে হয়, বাবার সঙ্গে আছি। আমাকে ‘তুই’ সম্বোধন করে কথা বলেন। দেখা হলে মা ছাড়া কথা বলেন না। মাথায় হাত বুলিয়ে দেন। তাঁর পুরো পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। বছর তিনেক আগে তাঁর জন্মদিনে আমি ঢাকায় ছিলাম। আগে থেকে না জানিয়ে ফুল নিয়ে তাঁর বাসায় যাই। তিনি আমাকে দেখে চমকে যান। খুশি হন। আমি শ দুয়েক ছবিতে অভিনয় করেছি। বেশির ভাগ ছবিতে তাঁকে সহশিল্পী হিসেবে পেয়েছি। রাজ্জাক আংকেল বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। তাঁর তুলনা তিনি নিজেই। তাঁর ছবি এখনো যখন দেখি, মুগ্ধ হই। আমার মা তাঁর খুব ভক্ত। আমিও। ভবিষ্যতে আমার ছেলেও তাঁর ভক্ত হতে বাধ্য।