রাজ্জাকের কৃতজ্ঞতা

মাঝে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন নায়করাজ রাজ্জাক। সুস্থতার পর মন জানে না মনের ঠিকানা ছবির মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। মুশফিকুর রহমান গুলজারের পরিচালিত ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও প্রিয়জন কথাচিত্র। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো গুলজার পরিচালিত কোনো ছবিতে অভিনয় করছেন বলে জানান তিনি। তবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিতে এর আগে অনেকবার অভিনয় করেছেন এবং নিজেও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবি নির্মাণও করেছেন বলে জানান রাজ্জাক। মন জানে না মনের ঠিকানা ছবির শুটিংয়ের ফাঁকে আলাপকালে বাংলাদেশের চলচ্চিত্রে ইমপ্রেস টেলিফিল্মের অবদানের উল্লেখ করে প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্জাক।
চলচ্চিত্রে ইমপ্রেস টেলিফিল্মের দায়িত্বশীল অবদানের কথা উল্লেখ করে রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যখন নানা ধরনের সমস্যায় জর্জরিত ঠিক সেই সময়ে ইমপ্রেস টেলিফিল্ম উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের দেশে এখন যতগুলো ভালো ছবি নির্মিত হচ্ছে তার পাশে কোনো না কোনোভাবে ইমপ্রেস টেলিফিল্মের নাম জড়িয়ে আছে। মাঝখানে এ-ও শুনেছি, গত কয়েক বছরে ইমপ্রেস টেলিফিল্ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শতাধিক পুরস্কার নিজেদের ঘরে তুলেছে। এটা সত্যিই অনেক বেশি আনন্দের।’
রাজ্জাক আরও জানান, যদি ইমপ্রেস টেলিফিল্ম ভালো ছবি নির্মাণ না করত তাহলে তারা কিন্তু জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেত না। ইমপ্রেস টেলিফিল্ম শুধু ব্যবসার কথা চিন্তা করে ছবি নির্মাণ করে না। প্রতিষ্ঠানটি সব সময় ভালো ছবির পেছনে পৃষ্ঠপোষকতা করার চেষ্টায় নিজেদের নিয়োজিত রাখে। বাংলাদেশের ভালো ভালো পরিচালককে দিয়ে তারা ছবি নির্মাণ করে।
এদিকে রাজ্জাক অভিনীত মন জানে না মনের ঠিকানা রাজ্জাক ছাড়াও অভিনয় করছেন মৌসুমী। আছেন একঝাঁক নতুন মুখ। তাদের উদ্দেশে রাজ্জাক বলেন, ‘তোমাদের এখন শেখার বয়স। ইমপ্রেস টেলিফিল্ম যে সম্মান দিয়ে তোমাদের মিডিয়াতে চলার পথ করে দিয়েছে, তা রক্ষা করার দায়িত্ব তোমাদের। আমাদের সময় এ ধরনের কোনো সুযোগ ছিল না। তাই আমি জোর দিয়ে বলতে চাই, কাজের প্রতি সত্ থাকো আর পরিশ্রমী হওয়ার মানসিকতা তৈরি করো। সফল তোমরা হবেই।’