রাজ্জাকের জন্মদিনে তিন দিনের অনুষ্ঠান

২৩ জানুয়ারি অভিনেতা রাজ্জাকের ৭৫তম জন্মদিন। এ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই। জানা গেছে, ২১ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় থাকছে রাজ্জাক অভিনীত চলচ্চিত্র বড় ভালো লোক ছিল। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মহিউদ্দীন। পরদিন বিকেল সাড়ে পাঁচটায় থাকছে রাজ্জাক অভিনীত নাটক দায়ভার। এটি পরিচালনা করেছেন সম্রাট। সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে রাজ্জাক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে নাচবেন ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে’র প্রতিযোগীরা। অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন। রাত সাড়ে ১১টায় থাকবে অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠান ‘চ্যানেল আইয়ের সঙ্গে নায়করাজ’।
২৩ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান করবেন খুরশীদ আলম ও আবদুল জব্বার। বেলা ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘নায়করাজের চার যুগ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী এবং পরিচালনা আবদুর রহমান। দুপুর ১২টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে থাকবে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান। দুপুর সাড়ে ১২টায় ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানের অতিথি থাকবেন রাজ্জাক। বেলা আড়াইটায় দেখানো হবে রাজ্জাক অভিনীত ছবি অশিক্ষিত। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান।