রাজ্জাকের পরিচালনায় কেয়া
চলচ্চিত্রের নায়িকা কেয়া তাঁর ক্যারিয়ারের শুরু থেকেই নায়করাজ রাজ্জাকের পরিচালনায় কোনো ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতেন। কিন্তু সেটা এত দিন পর্যন্ত হয়ে ওঠেনি। এবার কেয়ার স্বপ্ন পূরণ হতে চলছে। রাজ্জাকের পরিচালনায় ‘আয়না কাহিনী’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কেয়া বলেন, ‘আমার চলচ্চিত্রের ক্যারিয়ার প্রায় এক যুগের মতো। শুরু থেকে ইচ্ছে ছিল রাজ্জাক আংকেলের ছবিতে অভিনয়ের। মাঝে বেশ কিছু ছবিতে কাজ করার কথা থাকলেও আসলে ব্যাটে-বলে না মেলায় সেসব সিনেমায় কাজ করা হয়নি। অবশেষে সুযোগ মিলল। আমি চেষ্টা করব ‘আয়না কাহিনী’ ছবিতে মনোযোগ দিয়ে কাজ করতে।’জানা গেছে, এ মাসের ২৬ তারিখ থেকে ‘আয়না কাহিনী’ ছবির শুটিং শুরু হবে।‘আয়না কাহিনী’ ছবিতে কেয়ার বিপরীতে অভিনয় করবেন সম্রাট।এ ছবির অন্য শিল্পীরা হলেন শামস সুমন, সীমানা, শহীদুল আলম সাচ্চু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আয়না কাহিনী’ ছবির গল্প লিখেছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।