রাতভর শাস্ত্রীয় সংগীতের আসর
পৌষের মাঝামাঝি কুয়াশামাখা সন্ধ্যা। নারায়ণগঞ্জ ক্লাবে চলছে চোখ ঝলসানো আলোর রোশনাই। সাদা আর নীল মরিচবাতি দিয়ে সাজানো ক্লাবের মিলনায়তন। আলোর ছটা দর্শনার্থীদের চোখকে যতটা না আকৃষ্ট করেছিল, তার চেয়ে অনেক বেশি আকর্ষণ করেছিল শাস্ত্রীয় সংগীতের ভক্তদের। কেননা, গত ৩০ ডিসেম্বর রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জ শহর আলোকিত করেছিলেন একঝাঁক শাস্ত্রীয় সংগীতের সাধক। হাল সময়ের সংগীতসাধক সবুজ আহমেদ, সুপর্ণা সাহা, লতিফুন জুলিও, তাপস দত্ত, দীপন সরকার থেকে শুরু করে, ঋতুপর্ণা চক্রবর্তী, সুপ্রতীক সেনগুপ্ত, বিপ্লব ভট্টাচার্য, মৌসুমী সেনগুপ্তা, সত্যজিৎ চক্রবর্তী, অসিতকুমার দে, রেজোয়ান আলী, শাহাদাৎ হোসেন খান, স্বর্ণময় চক্রবর্তীর মতো বাঘা গায়েন ও বাজিয়েরা একত্র হয়েছিলেন এই আসরে। শ্রুতিনন্দন ও চিত্তসুখকর সংগীতবোদ্ধা পণ্ডিত রামকানাই দাশের উদ্বোধনের পর উল্লিখিত জাত শিল্পীরা মাতালেন লক্ষ্যাপার দ্বিতীয় শাস্ত্রীয় সংগীত সম্মিলন।এঁদের কেউ সেতারে পারদর্শী, কেউ তবলায়, কেউ সরোদে, কেউ কেউ আবার তানপুরার চেয়ে মিহি স্বরে খেয়াল, ধ্রুপদ, ঠুমরি কিংবা দাদরা গাইতে ওস্তাদ। দুই বাংলার সংগীতসাধকেরা রাতভর যন্ত্রসংগীত বাজিয়ে আর ধামার, তারানা, দাদরা ও বিভিন্ন রাগ শুনিয়ে মাতিয়ে গেলেন অভিজাত সংগীতের শ্রোতাদের। তবলা, সরোদ আর বাঁশির সুরে মুগ্ধ শ্রোতাদের রাত জাগার সার্থকতাই সম্মেলনের আয়োজক লক্ষ্যাপারের সংগঠকদের মুখে ফুটিয়েছে হাসির ঝিলিক।নারায়ণগঞ্জ শহরে দ্বিতীয়বারের মতো এই আয়োজনের শুরুতেই নারায়ণগঞ্জের সন্তান সবুজ আহমেদ ও সুপর্ণা সাহা তাঁদের সুরের ডালা মেলে ধরেন শাস্ত্র মেনে। নারায়ণগঞ্জের প্রখ্যাত সংগীতজ্ঞ শামসুল হকের জ্যেষ্ঠ পুত্র সবুজ আহমেদের তবলার হাতটা মন্দ নয়। ঠুমরি শিখতে ভারতের ডালিয়া রাহুল ও খেয়ালে ওস্তাদ মাশকুর আলী খানের শিষ্যত্ব গ্রহণ করা সুপর্ণা সাহাও কম যান না। ঢাকার মেয়ে লতিফুন জুলিও এরই মধ্যে ছায়ানট আয়োজিত শুদ্ধ সংগীত উৎসবের গত তিনটি আসরেই খেয়াল পরিবেশন করে নিজের জাত চিনিয়েছেন। আর লক্ষ্যাপারের আসরে এসে জুলিও তবলায় পিনু সেন দাসকে সঙ্গে নিয়ে শুদ্ধকল্যাণ রাগ গেয়েও জয় করলেন উপস্থিত দর্শকের মন। স্থায়ী আলাপে ‘বোলনা’ আর অন্তরার বিস্তারে ‘বাজোরে বাজো’ গাওয়ার সময় গোটা অডিটোরিয়াম থ হয়ে শুনছিল তাঁর কণ্ঠের কারুকাজ। এরপর মঞ্চে এলেন মোহন বীণাবাদক ময়মনসিংহের ছেলে দীপন সরকার। বাংলাদেশ বেতারের এ গ্রেডের এই শিল্পী গিটারের তালিম নিয়েছেন ভারতের বিখ্যাত ক্ল্যাসিকাল গিটারবাদক পণ্ডিত দেবাশীষ ভট্টাচার্যের কাছে। মোহন বীণার ঘোর কাটতে না কাটতেই বাগেশ্রী রাগ নিয়ে এলেন তাপস দত্ত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর করা এই শিল্পী খেয়াল ও ধ্রুপদে পারদর্শী, সে কথা বোঝালেন গাওয়ার সময়ই।পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেয়ে ঋতুপর্ণা চক্রবর্তী নারায়ণগঞ্জে এসে সুপর্ণার তানপুরার সুরে বেশ কিছু রাগের সুর উপহার দিলেন। তিনি চলে যাওয়ার পর মঞ্চে এসে সিলেটের বরেণ্য শিল্পী অসিত বিশ্বাস মালকোশ রাগ গেয়ে শোনালেন। এরপর বাবা শামসুল হকের হারমোনিয়ামের সঙ্গে বড় ছেলে সবুজ আহমেদের তবলা এবং ছোট ছেলে কামরুল আহমেদের বাঁশিতে তন্ময় হয়ে ছিল গোটা অডিটোরিয়াম। পিতা-পুুত্রের সংগীতের পরিবেশনায় মনের ক্ষুধা মিটলেও পেটের ক্ষুধা বোধহয় ততক্ষণে চাঙা হয়ে উঠেছিল। তাই বুঝি লক্ষ্যাপার শ্রোতাদের জন্য এবার পরিবেশন করল গরম ভুনা খিচুড়ি আর বাঁধাকপির সবজি ও ডিম ভুনা।উদরপূর্তির পর শ্রোতাদের মনে ফুর্তি আনার জন্য মঞ্চে এলেন রসিক তবলাবাদক বিপ্লব ভট্টাচার্য। তিনি ২০১১ সালের শুভেচ্ছা কেবল মুখেই জানালেন না, এগারো মাত্রায় বাজানো শুরু করলেন চার তালের সওয়ারি। কখনো তেহাই কখনো বা কবিতার ছন্দে, কখনো আবার হাতির চলার শব্দে তবলা বাজিয়ে তিনি মাতিয়ে ফেলেন উপস্থিত দর্শকদের। তবলার লহরি শুনতে আসা দর্শনার্থীদের তিনি তাঁর দুই হাতের কারুকাজে মুগ্ধ করলেন লক্ষৌ ঘরানায় হাতের মুঠো দিয়ে পাঁচ তাল একসঙ্গে বাজিয়ে। এরপর সুমধুর কণ্ঠে রাগ ভাটিয়া পরিবেশন করতে এলেন মৌসুমী সেনগুপ্তা। রাগ ভাটিয়া শেষ হওয়ার পর সরোদ ও সেতারের যুগলবন্দী শোনাতে দুই কন্যা রোখসানা খান ও আফসানা খানকে সঙ্গে নিয়ে আসন গ্রহণ করলেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান। একটি সেতার, একটি তানপুরা, দুটো সরোদ এবং দুই তবলার অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে এই গুণী শিল্পী মাতিয়ে তোলেন পুরো আসর। এরপর মঞ্চে আসেন ছায়ানটের রাগসংগীতের শিক্ষক ওস্তাদ রেজোয়ান আলী, সুপ্রতীক সেনগুপ্ত। সুপ্রতীক সেনগুপ্তের সেতারের ঝংকারে রাগললীর মিষ্টি আবেশ চোখের ঘুম কেড়ে নিয়েছিল রাতজাগা শ্রোতাদের। গুণী এই শিল্পীদের বাজনা আর গানে গানে ততক্ষণে পুব আকাশে ভোরের রেখা দেখা দিয়েছে। আলো ফুটে উঠলে চট্টগ্রামের স্বর্ণময় চক্রবর্তী শাস্ত্রীয় রাগতরী গেয়ে শুরু করেন তাঁর আবাহন। এবং সর্বশেষ ‘জাগাইয়ো না তারে/নিশি জেগে ঘুমায় সে’ গানের মাধ্যমে রাতজাগা শ্রোতাদের মনোরঞ্জন করেন। প্রথমবারের দর্শনার্থীদের অনেকেই এবারও উপস্থিত ছিলেন। দর্শনার্থীরা অনুষ্ঠানে এসে তৃপ্ত হলেও রাতভর শাস্ত্রীয় সংগীতের আয়োজনের সমন্বয়ক অসিতকুমার তাঁর অতৃপ্তির কথা জানিয়ে বললেন, ‘কেবল এক রাতের একটি অনুষ্ঠান আয়োজন করেই নয়, বরং সারা বছর শাস্ত্রীয় সংগীতের অনুশীলনের জন্য স্কুল পর্যায়ের আগ্রহী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াসহ আরও বেশ কিছু গঠনমূলক আয়োজনের পরিকল্পনাও রয়েছে আমাদের।’ শীতলক্ষ্যা নদীর বেলাভূমিতে শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর পৌষের কাছাকাছি এই সময় তাঁরা শাস্ত্রীয় সংগীতের আসর আয়োজন করে তাঁদের নারায়ণগঞ্জেরে ঐতিহ্য অব্যাহত রাখবেন বলেও প্রতিশ্রুতি দিলেন।