রাতে বসছে অস্কারের জমকালো আসর
মাসের পর দিন, দিনের পর এখন ঘণ্টার অপেক্ষা। আর মাত্র কয়েক ঘণ্টা পরই বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার প্রদানের আসর অস্কার। সময় যতই ঘনিয়ে আসছে, অস্কার উত্তেজনায় মুখর হচ্ছে চারদিক। কে হবেন সেরা অভিনেতা-অভিনেত্রী কিংবা কোন ছবিটি সেরা হতে যাচ্ছে—এমন প্রশ্ন সবার মনে। আজ রোববার স্থানীয় সময় রাত আটটায় বসছে ৮৩তম অস্কারের জাঁকজমকপূর্ণ আসর। লস অ্যাঞ্জেলেসের কোডাক থিয়েটারে বসছে এবারের আসর। চলচ্চিত্রপ্রেমী সবাই এখন তাই তাকিয়ে আছে কোডাক থিয়েটারের দিকে।বিশ্বের নামীদামি তারকাদের সবাই এখন কোডাক থিয়েটারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে তাঁদের। লালগালিচা সংবর্ধনার পরই রাত আটটায় শুরু হবে কাঙ্ক্ষিত আসর। তাই অস্কার আসরকে ঘিরে তারকাদের দুরু দুরু ভাবটা বাড়ছেই বলা চলে। আজ রাতেই ভাগ্য নির্ধারিত হবে গত বছর বিভিন্ন ক্ষেত্রের সেরা তারকাদের। মর্যাদাপূর্ণ এ রাতটিকে ঘিরে তাই তারকাদের মধ্যে আগ্রহের শেষ নেই।৮৩তম অস্কারের এ আসরে সেরা ছবি, সেরা অভিনেতা-অভিনেত্রী এবং সেরা গায়ক-গায়িকাসহ মোট ২৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ২৪টি ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, চিত্রগ্রহণ, শিল্পনির্দেশনাসহ মোট ১২টি বিভাগে মনোনয়ন নিয়ে সেরা ছবির দৌড়ে এগিয়ে আছে টম হুপার পরিচালিত ‘দ্য কিংস স্পিস’। একইভাবে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, শিল্পনির্দেশনা, পোশাক-পরিকল্পনাসহ মোট ১০টিতে মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথান কোয়েন ও জোয়েল কোয়েন পরিচালিত ‘ট্রু গ্রিট’ ছবিটি।এর পাশাপাশি আটটি বিভাগে মনোনয়ন নিয়ে যথাক্রমে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টোফার নোল্যান পরিচালিত ‘ইনসেপশন’ এবং ডেভিড প্রিনচার পরিচালিত ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবি দুটি।বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে এবারও বেশ প্রতিযোগিতাপূর্ণ লড়াই করতে হয়েছে সব চলচ্চিত্রকে। এ লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে আছে মেক্সিকোর ‘বিউটিফুল’, গ্রিসের ‘ডগটুথ’, ডেনমার্কের ‘ইন এ বেটার ওয়ার্ল্ড’, কানাডার ‘ইনসেনডিস’ এবং আলজেরিয়ার ‘আউট সাইড দ্য ল’।৮৩তম একাডেমি অ্যাওয়ার্ডের এবারের আসরটি উপস্থাপনা করবেন অ্যানি হ্যাথওয়ে ও জেমস ফ্রাঙ্কো। পাশাপাশি এবারের অস্কার মনোনয়নে ‘১২৭ আওয়ারস’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারের জন্যও লড়ছেন ফ্রাঙ্কো।এরই মধ্যে ‘একাডেমি অব মোশনস পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’-এর প্রায় ছয় হাজার সদস্য শেষ করেছেন তাঁদের ভোট প্রদান পর্ব। কিন্তু চূড়ান্ত ফলাফল জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে আজ রাতটা।পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি টেলিভিশন ৷