রাধারমণ সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমী ও রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে রাধারমণ সংগীত উৎসব। রাধারমণ দত্তের ৯৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবটি সদ্যপ্রয়াত শিল্পী, সুরস্রষ্টা ও সংগ্রাহক বিদিত লাল দাস স্মরণে উৎসর্গিত করা হয়েছে।সকালে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বর্ষীয়ান শিল্পী চন্দ্রবতী রায় বর্মণ। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিৎ সেনগুপ্ত। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি এবং একাডেমীর সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, আবুল খায়ের ও মাহবুব পিয়াল।উৎসবের প্রথম দিন সংগীত পরিবেশন করেন চন্দ্রাবতী রায় বর্মণ, কৃষ্ণ চন্দ, গৌরব হোসেন, সোহেল রানা, তুলিকা রায় চৌধুরী, অঞ্জনা ভট্টাচার্য প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক রাধারমণ পরিষদ, সুরমা পারের ধামাইল দল। তাদের কণ্ঠে গীত হয় তুমি আও না কেনে রসের বৃন্দাবনে, শোনো গো পরান সই, আজকে কেন প্রাণ কেন্দে কেন্দে, নাগর জিজ্ঞাসি তোমারে, প্রাণ কান্দে গো প্রাণ সখি ইত্যাদি। আজ শনিবার উৎসবের দ্বিতীয় ও শেষ দিন।