রাধারমণের গানে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাধারমণের গানে কষ্ট আছে। কষ্ট থেকেই তাঁর গান। সেই কষ্ট সীমা-অসীমের, বিচ্ছেদের। এই বিচ্ছেদ একেকজন একেকভাবে প্রকাশ করেন। রাধারমণের প্রকাশভঙ্গি বড়ই মিষ্টি। বড়ই হূদয়ছোঁওয়া।’ ভাটি বাংলার লালন বলে খ্যাত রাধারমণ দত্তের ১৭৭তম জন্মবার্ষিকী ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ছিল আলোচনা, সংগীতসন্ধ্যা ও শিল্পী বিশ্বজিৎ রায়ের গাওয়া রাধারমণের গানের দ্বিতীয় অ্যালবাম ভাইবে রাধারমণ বলের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। আলোচনায় বক্তারা তাঁর গান সম্পর্কে ওই কথাগুলো বলছিলেন।রাধারমণের জন্মবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি অ্যালবাম প্রকাশনার এই অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল গানের দল নিবেদন ও অ্যালবামের প্রকাশক কমিটমেন্ট প্রোডাক্টস। জাতীয় নাট্যশালায় গতকাল সন্ধ্যায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। অনুপ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন করুণাময় গোস্বামী, ভুঁইয়া সফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকউজ্জামান, তপন মাহমুদ, লায়লা হাসান, গোলাম কুদ্দুছ, ঝুনা চৌধুরী ও মাহমুদ সেলিম। অনুষ্ঠান উপস্থাপনা করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।দ্বিতীয় পর্বে ছিল রাধারমণের গান। শিল্পী বিশ্বজিৎ রায় শুরু করেন ‘আইজ কেনরে প্রাণের সুবল’ গানটি দিয়ে। এরপর ‘আমার সাধনের ধন গেল অকারণ’, ‘হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ’, ‘ওই আমি যার কারণে বৃন্দাবনে রে’, ‘আমার শ্যাম জানি কই রইল গো’, ‘জলে যাইও না গো রাই’, ‘ওরে ও রসিক নাইয়া’, ‘ও বিশখে শ্যামসুখেতে আমার মরণ’, ‘কী রূপ দেখছনি সজনী সই জলে’, ‘নাগর কালিয়া গো’, ‘আমার বন্ধু দয়াময়’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এ ছাড়া ‘সুরধনীর কিনারায়’ ও ‘আমার মন করে আকুল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নটরাজ।রাধারমণের গানের বিষাদঘন মিষ্টি সুরে তন্ময় হয়ে ছিলেন মিলনায়তনভর্তি শ্রোতারা। সেই সুরে ছিল ভালোবাসা ও বিচ্ছেদের চিরন্তন আবেগ। নাট্যশালায় প্রবেশপথ সাজানো হয়েছিল ফুলে ফুলে। সুরের রেশের সঙ্গে ফুলের সৌরভ নিয়ে ফিরেছিলেন মুগ্ধ শ্রোতারা।উদীচীর কলিম শরাফী স্মরণ১৯৭৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে উদীচীর সভাপতি ছিলেন সদ্যপ্রয়াত শিল্পী কলিম শরাফী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করল শোকসভা। মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে গতকাল বুধবার বিকেলে ছিল এই শোকসভা। শুরুতে উদীচীর শিল্পীরা পরিবেশন করেন শোকসংগীত। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘তোমার অসীমে প্রাণ মন দোলে’ গান দুটি গেয়ে উদীচীর কর্মীরা শ্রদ্ধা জানান শিল্পী কলিম শরাফীকে।এরপর ছিল আলোচনাপর্ব। এ সময় বক্তারা বলেন, ‘কলিম শরাফী যে সময় উদীচীর সভাপতি ছিলেন, স্বাধীনতা-পরবর্তী সেই সময় ছিল ভীষণ উত্তাল। একদিকে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের অস্থিরতা, অন্যদিকে স্বৈরাচারী শাসন। স্বৈরাচারবিরোধী সেই সময়কার আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল উদীচী। কলিম শরাফী সামনে থেকে উদীচীর নেতৃত্ব দিয়েছিলেন। উদীচী ও কলিম শরাফী তাই অবিচ্ছেদ্য।’উদীচীর সহসভাপতি নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উদীচীর প্রতিষ্ঠাতা আহ্বায়ক কামরুল আহসান খান, সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, সাবেক সাধারণ সম্পাদক একরাম আহমেদ, শিল্পী হাসি বিশ্বাস, মাহমুদ সেলিম ও উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম।মঞ্চের একপাশে ছিল কলিম শরাফীর বড় একটি আলোকচিত্র। এর চারপাশে শোকের কালো রেখা। সামনের দুপাশে বড় দুটি ফুলদানি। বেদিতে মঙ্গলদ্বীপ জ্বালানো। শিল্পীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সবাই।ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে সোচ্চার রাজনীতিসচেতন শিল্পী কলিম শরাফী কণ্ঠে কেবল রবীন্দ্রসংগীতই তোলেননি; প্রগতিশীল আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে তিনি গেয়ে গেছেন গণসংগীতও। উদীচীর সঙ্গে তাঁর সম্পৃক্ততা সেই অধ্যায়েরই যেন পরিচয় করিয়ে দিল নতুন প্রজন্মের কাছে।